ধূমকেতু প্রতিবেদক : করোনা ভাইরাস এর সংক্রমণ ও প্রাদুর্ভাব মোকাবেলার সৃষ্ট পরিস্থিতিতে সমাজের কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের ও বিভিন্ন পেশাজীবীদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। এরই ধারাবাহিকতায় রাজশাহীতে করোনায় কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশার ৪৩৫ জনের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (০৭ জুলাই) বিকাল সাড়ে ৫টায় আরএমপি পুলিশ লাইন্সে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
ত্রাণ বিতরণকালে পুলিশ কমিশনার বলেন, লকডাউনের কারণে শ্রমজীবীরা কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। কষ্টে থাকা এ সকল মানুষদের পাশে আরএমপি দাঁড়িয়েছে।
ত্রাণ গ্রহীতাদের উদ্দ্যেশে বলেন, আমরা সর্বক্ষণ আপনাদের পাশেই আছি যে কোন সমস্যার কথা জানাবেন আমরা আমাদের সাধ্যমত সমাধান করার চেষ্টা করব।
তিনি আরও বলেন, প্রতিবেশীদের খোঁজ নিবেন, করোনায় আক্রান্তদের সাহায্য করবেন, কেউ ত্রাণ নিতে আসতে না পারলে আমরা পৌঁছিয়ে দিব।

তিনি অসহায়, গরিব দুঃস্থ, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী, অটিজমে আক্রান্ত, নিরাপত্তা প্রহরীসহ বাসা বাড়ীতে কাজ করা কর্মজীবীসহ কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সামর্থ্যবানদের প্রতি মানবিক আহ্বান জানান।
তিনি আরো বলেন, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরএমপি সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) সাইফুদ্দিন শাহীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) গোলাম রুহুল কুদ্দুস ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ রকিবুল ইসলাম হাসান ইবনে রহমানসহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।
উল্লেখ্য, বুধবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৪৩৫ জন ফুটপাতের হকার, নিরাপত্তা প্রহরী, প্রতিবন্ধী, কর্মজীবী ও বাসা বাড়িতে কাজ করা মহিলা, বৃদ্ধ এবং অটিজমে আক্রান্তদের মাঝে চাউল, আটা, ডাল, লবণ ও তেল বিতরণ করা হয়।


