ধূমকেতু প্রতিবেদক : ‘ভাত দে ভাত দে, নইলে লকডাউন তুলে লে’ স্লোগানকে সামনে রেখে লকডাউন প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ করছেন রাজশাহী আরডিএ মার্কেটের ব্যবসায়ী-কর্মচারীবৃন্দ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ব্যবসায়ী-কর্মচারী ঐক্য পরিষদ যৌথ উদ্যোগে থালা হাতে নিয়ে স্লোগান দিতে দিতে দোকান খোলার দাবিতে বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভে নেতৃত্ব দেন, রাজশাহী বস্ত্র মালিক সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ।
ব্যবসায়ীরা জানান, করোনার কারণে এর আগেও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। পরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়। সে সময় ব্যবসা চালু হওয়ার পরে তারা কর্মচারীদের বেতন ও দোকান ভাড়া দিতে পারতেন। পরবর্তীতে করোনা মহামারী প্রকট হওয়ায় রাজশাহীতে লকডাউন শুরু হয়। কয়েক সপ্তাহ থেকে তারা দোকানপাট বন্ধ রেখেছেন। এখন দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন দিতে পারছেন না। তাই লকডাউন প্রত্যাহার করে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করতে চান তারা।
ব্যবসায়ী মালিক কর্মচারীদের জন্য প্রণোদনার টাকা আসলেও তা দেওয়া হচ্ছে না বলে দাবি করেন রাজশাহী আরডিএ মার্কেটের ব্যবসায়ী-কর্মচারীবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বস্ত্র মালিক সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আলহাজ্ব হারুনুর রশিদ, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতা আলহাজ্ব ফরিদ মাহমুদ হাসান, রাজশাহী কোকারিজ মালিক সমিতি আর ডিএ মার্কেটের সভাপতি হাজী তাপস, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সজল, রাজশাহী পাদুকা সমিতি আর ডিএ মার্কেটের সভাপতি রিপন প্রমুখ।


