ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে পরিকল্পিতভাবে নারীদের দিয়ে ফাঁদে ফেলে চাঁদা আদায়ের অপরাধে ফিটিং পার্টির দুই নারীসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, নাটোর জেলার লালপুর থানার লালপুর অর্জুনপাড়া গ্রামের আকবর হোসেনের স্ত্রী বেলী খাতুন (৩৩), নওগাঁ জেলার মান্দা থানার কালিকাপুর বাজারের তৌহিদুলের স্ত্রী রেহেনা পারভীন (৪০), রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কয়েরদাড়া গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে রবিউল ইসলাম (৪৬) এবং নজরুল ইসলামের ছেলে তরিকুল (২৫)।
ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার বাগমারা থানার ঠাকুরপাড়া গ্রামের জামিন উদ্দিনের ছেলে মুক্তার হোসেন (৩৩) মোটরাসইকেল নিয়ে বুধবার (১৪ জুলাই) বেলা ১১ টায় রাজশাহীর কাদিরগঞ্জে সেলিম এন্টারপ্রাইজে মাছের প্রোটিন কেনার জন্য রওনা হয়। পথিমধ্যে মুক্তারের পূর্বপরিচিত বেলী খাতুন তাকে মোবাইল করে কয়েরদাড়া খ্রীষ্টানপাড়া মোড়ে আসতে বলে।
আরও জানা যায়, মুক্তার তার বন্ধু বাবু (৫০) কে সঙ্গে নিয়ে বেলা সাড়ে ১২ টায় বোয়ালিয়া থানার খ্রীষ্টানপাড়া মোড়ে পৌঁছালে আসামী বেলীসহ তার অপর সহযোগী রেহেনা পারভীন (৪০) এর সাথে দেখা করে। এদিকে আসামী বেলী তার বাড়ীতে যাওয়ার জন্য মুক্তারকে অনুরোধ করে। সে যেতে না চাইলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অপর আসামী রবিউল ইসলাম ও তরিকুলসহ আরও কয়েকজন মিলে মুক্তারকে জোরপূর্বক বেলীর বাড়ীর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সে যেতে না চাইলে আসামীরা তাকে মারপিট করে আটকে রাখে এবং তার কাছে থাকা ৫,৫০০/- টাকা কেড়ে নেয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
মামলা পরবর্তীতে তদন্তকারী অফিসার এসআই দুলাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৪ জুলাই) রাত সাড়ে ৯ টায় বোয়ালিয়া থানার কয়েরদাড়া খ্রীষ্টানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ফিটিং চক্রের দুই নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করে। আসামী রবিউল ইসলামের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানা একাধিক মামলা আছে বলেও জানা যায়।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


