ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে চুরির ঘটনায় সিসিটিভির ভিডিও ফুটেজের সূত্র ধরে মালামালসহ এক চোরকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামী রাজশাহীর বোয়ালিয়া থানার হাদিরমোড়ের মৃত হাবিবুর রহমানের ছেলে রাব্বি (২২)।
পুলিশ জানায়, ফিরোজ আহম্মেদ (৪৫) বুধবার (১৪ জুলাই) বিকাল ৪ টায় তার মহিষবাথানের বাড়ী হতে বোয়ালিয়া থানার কুমারপাড়া এস.এ পরিবহণে কুরিয়ার করার জন্য ৩০,০০০ টাকা মূল্যের তিন কার্টুন কাপড় ও আনুষঙ্গিক ঔষধ নিয়ে একটি ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে রওনা হয়। বিকেল ৪.৪০ টায় সে এস.এ পরিবহণ সার্ভিসে পৌঁছিয়ে এক কার্টুন কাপড় বুকিং করার জন্য যায়। এসময় অটোচালক কৌশলে দুই কার্টুন কাপড় ও আনুষঙ্গিক ঔষধ নিয়ে পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, ঘটনার প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। পরবর্তীতে ফিরোজ আহম্মেদ (৪৫)কে সাথে নিয়ে সিএন্ডবির মোড় সাব-কন্ট্রোল রুমে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এবং অটোরিক্সা চালককে শনাক্ত করে।
এরপর বোয়ালিয়া মডেল থানার একটি চৌকস টিম গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে বুধবার (১৪ জুলাই) রাত ১২ টায় অভিযান চালিয়ে হাদির মোড় নদীর ধার হতে অটোরিক্সা চালক রাব্বি (২২)কে গ্রেপ্তার করে। এসময় চুরি হওয়া ২ কার্টুন কাপড় ও আনুষঙ্গিক ঔষধ উদ্ধার করে এবং তার ব্যবহৃত অটোরিক্সা জব্দ করা হয়। তার বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলেও জানায় পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


