ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর সাহেব বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে টিসিবি’র পণ্যসহ ডিলার ও দুই দোকান মালিককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতরা হলো, সাগর ট্রেডার্সের মালিক হেতেমখাঁ সাহাজীপাড়ার মৃত সৈজুদ্দিন শেখ মিস্ত্রির ছেলে সাগর শেখ ও সুমন ট্রেডার্সের মালিক পাঁচানিমাঠ শেখেরচক বিহারীবাগান এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে জালাল হোসেন সুমন এবং টিসিবি পণ্যর ডিলার রাজপাড়া চন্ডিপুরের তৈমুর রহমানের ছেলে রেজাউল করিম।
বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ১ টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।

তিনি বলেন, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত¡াবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক রেজাউল হাসানের একটি টিম বুধবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর সাহেব বাজার মাষ্টারপাড়া কাঁচাবাজার এলাকায় জালাল হোসেন সুমন ও সাগর শেখদ্বয়ের দোকান ও ভাড়াকৃত গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এসময় টিসিবি’র পণ্য ১২০২ লিটার তীর সোয়াবিন তেল, ১৭৫ কেজি চিনি ও ৪০ কেজি মশুরের ডাল উদ্ধারসহ আসামীদের গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ২,০০,০০০ টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা টিসিবি’র পণ্য সরকারী গোডাউন থেকে উত্তোলনের পর তা সরকারী সিদ্ধান্ত মোতাবেক ন্যায্য মূল্যে সাধারণ গরীব অসহায় খেটে খাওয়া জনগণের মধ্যে বিক্রি না করে অধিক মুনাফার আশায় অবৈধ ভাবে গোডাউনে মজুদ করে এবং পরে তা কালোবাজারে বিক্রয় করে।
পুলিশ আরও জানায়, পরবর্তীতে তাদের দেওয়া তথ্য মতে টিসিবি’র পণ্য মজুদদার ও কালোবাজারীর মূল হোতা ডিলার রেজাউল করিমকে বৃহস্পতিবার বেলা পৌনে ১১ টায় রাজপাড়া থানার চন্ডিপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দ পুলিশ। আটককৃত ডিলার রেজাউল করিম তার অপর দুই সহযোগী জালাল হোসেন সুমন ও সাগর শেখের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


