ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : সারাদেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বুধবার ২১ জুলাই মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। ঈদুল আযহার নামাজ ও মোনাজাত শেষে কোরবানির পশু জবাইয়ে ব্যস্ত হয়ে পড়েন আদমদীঘি উপজেলা বাসী।
উপজেলার বিভিন্ন এলাকার সড়কে, গ্যারেজে ও ফাঁকা জায়গায় পশু কোরবানি করতে দেখা গেছে। গরু কেনা থেকে শুরু করে হাসিল পরিশোধ এবং কসাইয়ের মজুরি দেয়ার পর কোরবানির মাংসের মূল্য দাঁড়ায় কেজি প্রতি প্রায় ৭০০ থেকে ৮০০ টাকা।
অথচ সেই মাংসই এখন হাত ঘুরে উপজেলার সান্তাহারে বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে ৩০০- ৩৫০ টাকা দরে। প্রতি বছর কোরবানি শেষে বিকেলের দিকে আদমদীঘি উপজেলার বেশ কয়েকটি স্থানে চোখে পড়ে এসব অস্থায়ী মাংসের হাট। এবারও দেখা গেল সেরকম কিছু চিত্র। সান্তাহার শহরের রেলগেট চত্বরে এ বাজারে খুব কম দামে মাংস বিক্রি হচ্ছে।
কিন্তু এ সুযোগকে কাজে লাগাচ্ছেন কিছু অসাধু মৌসুমী ব্যবসায়ীও। দোকান থেকে মাংস কিনতে গেলে কেজি প্রতি কমপক্ষে ৫৫০-৫৮০ টাকা লাগে। তাই এ সময় কমদামে কিছু মাংস সংগ্রহ করে রাখছে।
এদিকে, এসব মাংস মৌসুমী ব্যবসায়ীদের কাছে চলে যাওয়ায় মাংসের মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। কারণ বিভিন্ন বাসাবাড়ি থেকে বিভিন্ন রকমের মাংস একত্রিত করে বিক্রি করা হচ্ছে কেজি দরে। এমনিতেই আবহাওয়ায় ভ্যাপসা গরম বিরাজমান, এর ওপর ঠিকমতো সংরক্ষণ করা হয়নি এসব মাংস।


