ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে অপহৃত মাদ্রাসা পড়ুয়া দুই ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় অপহরণকারী মারুফ হাসান (১৯) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মারুফ হাসান নন্দীগ্রাম উপজেলার কল্যান নগর গ্রামের মাহফুজার রহমানের ছেলে। মঙ্গলবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহার পরেরদিন নন্দীগ্রামের একটি দাখিল মাদ্রাসায় ৭ম ও ৯ম শ্রেণীতে পড়ুয়া দুই বান্ধবী নিজ নিজ বাড়ি থেকে পাশের বাড়ি যাওয়ার কথা বলে বের হয়ে যায়। পরে তারা বাড়িতে ফিরে না আসলে তাদের অভিভাবক আত্মীয়স্বজনদের বাড়ীতে অনেক খোঁজাখুঁজি করে। খোঁজ না পাওয়ায় অভিভাবকেরা নন্দীগ্রাম থানা এবং র্যাব-১২ বগুড়াকে নিখোঁজের বিষয়টি জানায়।
পরবর্তীতে র্যাবের গোয়েন্দা টিম অপহরণকারীকে গ্রেপ্তার ও ভিকটিমদের উদ্ধারে গোয়েন্দা কার্যক্রম শুরু করে এবং বগুড়া জেলার সম্ভাব্য বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে। সোমবার ২৬ জুলাই দিবাগত রাত একটার দিকে বগুড়া শহরের খান্দার এলাকা থেকে মারুফ হাসানকে গ্রেপ্তার করে র্যাব। পরে তার দেয়া তথ্যমতে ওই দুই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করা হয়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারকৃত মারুফ হাসানের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা হয়েছে। মঙ্গলবার ২৭ জুলাই মারুফ হাসান ও ওই দুই মাদ্রাসা ছাত্রীকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।


