ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গৃহবধূকে পিটিয়ে হত্যার পর লাশের মুখে বিষ ঢেলে দিয়ে পালিয়েছেন স্বামীসহ তার পরিবার ।
রোববার রাতে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালী গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন সোমবার সকালে এলাকাবাসী খবর দিলে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ সময় শ্বশুর আজিজার মিয়াকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের বালাটারী গ্রামের মজিবর রহমানের মেয়ে মর্জিনা বেগমের সঙ্গে কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালী গ্রামের আজিজার মিয়া ছেলে শফিকুল ইসলামের সাথে গত পাঁচ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে কিরণবালা নামের এক কন্যা সন্তানও রয়েছে।
রোববার বিকেলে কিরণ বালা বাড়ির উঠানে মল ত্যাগ করলে তা পরিষ্কার করতে দেরি হওয়ায় মর্জিনাকে নানান ভাবে গালমন্দ করেন তার শাশুড়ি ও দেবর। এ নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়াঝাটিও হয়।
এই ঘটনায় ওইদিন সন্ধ্যায় স্বামী শফিকুল বাসায় ফিরলে আবারো তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে স্বামী শফিকুল ইসলাম মর্জিনাকে লাঠি দিয়ে আঘাত করে। এতে মর্জিনা গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হলে বাড়িতে ফেরত নিয়ে লাশের মুখে বিষ ঢেলে দিয়ে ঘরের গুরুত্বপূর্ণ আসবাবপত্র নিয়ে সবাই পালিয়ে যায়।
খবর পেয়ে কালীগঞ্জ থানায় মেয়েকে হত্যার অভিযোগ করেন মর্জিনার বাবা মজিবর রহমান। তিনি বলেন, আমার মেয়েকে তুচ্ছ ঘটনায় পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে বাড়ির সবাই পালিয়েছে। আমি মেয়ে হত্যার সুষ্ঠু বিচার চাই।
কালীগঞ্জ থানার ওসি আরজু রহমান সাজ্জাত বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সন্দেহজনকভাবে মর্জিনার শ্বশুরকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


