ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় র্যাবের একটি দল অভিযান চালিয়ে ১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ১ কেজি ৫’শ ২০ গ্রাম হেরোইনসহ শফিকুল ইসলাম(৩৫), সবুর আলী (৩০) ও সোহাগ আলী (২৭) নামে ৩ ভাইকে আটক করেছে।
বুধবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বারঘরিয়া বাইশপুতুল মন্দির এলাকায় অভিযান চালায় র্যাব-৫ সদস্যরা।
আটককৃত ৩ ভাই শফিকুল ইসলাম, সবুর আলী ও সোহাগ আলী হচ্ছে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের জামাতাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল জানতে পারে জেলার সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বাইশপুতুল মন্দিরের পাশে জনৈক রফিকুল ইসলামের বসতবাড়িতে অবৈধ মাদকদ্রব্য রয়েছে। এ খবর পেয়ে কোম্পানী কমান্ডার পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদের নেতৃত্বে র্যাব সদস্যরা আজ বুধবার ভোর রাত সোয়া ৪টার দিকে উক্ত বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ তাদেরকে আটক করে।
এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।


