ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর এক সাংবাদিকের বাসায় পাখির খাঁচায় থাকা মাটির হাড়ির ভেতরে মিলেছে বিষাক্ত খরিশ সাপ। শুক্রবার সকাল ১০ টার দিকে নগরীর নগরপাড়া এলাকায় সাংবাদিক গুলবার আলী জুয়েলের বাসায় এ ঘটনা ঘটে।
সাপটি খাঁচায় থাকা দুইটি বাজরিকা পাখি খেয়ে নেয়। তবে হাড়ির ভেতরে থাকা পাখির ডিমগুলো অক্ষত রয়েছে বলে জানা যায়।
সাংবাদিক জুয়েল জানান, বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আমার খাঁচায় থাকা পাখিগুলো একটি একটি করে হারিয়ে যাচ্ছে। কেন হারিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। আমার নিকট আত্মীয়র ছেলে সম্পর্কে আমার ভাগিনা বৃহস্পতিবার আমার বাসায় বেড়াতে আসে। সে শুক্রবার সকালে বাড়ির আঙ্গিনায় খেলাধূলা করতে করতে পাখির খাঁচার কাছে যায়। গিয়ে দেখে পাখির উপরের খাঁচা শূণ্য হয়ে পড়ে আছে। খাঁচায় থাকা দুইটি পাখি দেখা যাচ্ছে না। তবে খাঁচার ভেতরে থাকা হাড়ির মুখে চিকন কালো আবরণের কিছু একটা নড়াচড়া করতে দেখে।
হাড়িতে পাখি আছে ভেবেই না বুঝেই সেই কালো আবরণ ধরে টেনে দেখে সেটা সাপের লেজ। অতঃপর আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে দেখি খাঁচায় থাকা পাখিগুলো খেয়ে হাড়ির ভিতরে বেড় পাকিয়ে বসে আছে বিষাক্ত খরিশ সাপ। আমি যতদুর জানি সাপরা আহারের পর বেশকিছুদিন চলাফেরা করতে পারে না। আহারের স্থানেই বসে থাকে। সেজন্য হয়তো আমার ভাগিনার কোন ক্ষতি হয়নি।

তিনি আরও জানান, এ অবস্থায় আমাদের এলাকার আক্তার নামে এক যুবককে ডেকে নিয়ে আসি। আক্তার পেশায় কৃষি কাজ করে। সে ওঝা বা সাপুড়িয়া কোনটাই না, তবে সাপ ধরতে পারদর্শী। প্রায় সময় তাকে মানুষের বাড়ি থেকে বিশেষ কায়দায় সাপ ধরতে দেখা যায়। সে এসে সাপটি ধরে নিয়ে যায় এবং দুরে জঙ্গলে ফেলে দেয়। তবে আক্তার বলে, সাপটি প্রায় এক মাস ধরে আমার বাসায় অবস্থান করছিলো।
সাপ ধরতে পারদর্শী আক্তার ধূমকেতু নিউজকে জানান, তিনি প্রায় দুই বছর ধরে সাপ ধরেন। সাপ ধরা তার পেশা না। তবে শখের বসে বিশেষ কায়দায় যেকোন সাপকে বস করে নেয়। নিজ এলাকাসহ আশে পাশের এলাকাতে কারও বাসায় সাপ ঢুকলে তিনি গিয়ে সাপগুলো ধরে নিয়ে যায়। সাপ ধরতে কোন ভয় লাগে না বলেও জানান তিনি।
তিনি আরও জানান, বিভিন্ন বাড়ি থেকে সাপ ধরে সেগুলো না মেরে নিয়ে গিয়ে দুর জঙ্গল বা ডেবাতে ফেলে দেয়।
সাপগুলো না মেরে ছেড়ে দেয়ার কারণ জানতে চাইতে তিনি ধূমকেতু নিউজকে জানান, এই সাপগুলো মারলে তার ক্ষতি হবে। পরবর্তীতে হয়তো আর কোন সাপ ধরতে পারবেন না তিনি।


