ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট গ্রামে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটারগানসহ শহিদুল ইসলাম (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
শনিবার রাতে তাকে আটক করা হয়। আটক শহিদুল চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার দক্ষিণ ইসলামপুর গ্রামের রবু আলীর ছেলে। এঘটনায় রাতেই রাণীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
সিপিসি-২ (নাটোর), র্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান,এদিন রাত ৮টায় উপজেলার মিরাট গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ২টি ওয়ান শুটারগান, ১টি মোবাইল, ১টি সীমকার্ডসহ শহিদুল ইসলামকে আটক করা হয়।
র্যাব-৫ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় জব্দকৃত অস্ত্র অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন শহিদুল। তার বিরুদ্ধে রাতেই রাণীনগর থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু করে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
রাণীনগর থানার ওসি (তদন্ত) উত্তম কুমার বিশ্বাস জানান, রাতইে র্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আটক শহিদুলকে রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।


