ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে আশরাফুল হক ধনী (৪৯) নামে ১ জনকে অস্ত্রসহ আটক করেছে।
রোববার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মাষ্টারপাড়া গ্রামের আমবাগান এলাকা থেকে ধৃত ব্যক্তির কাছ থেকে ২টি ওয়ান শুটারগান উদ্ধার করে।
আটককৃত ব্যক্তি হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের মৃত জবদুল বিশ্বাসের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার ওমর আলীর নেতৃত্বে র্যাবের একটি দল রোববার রাত ৯ টার দিকে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চোচ মাঠের বাগান মাষ্টার পাড়া গ্রামের জনৈক মৃত ফানুস মাষ্টারের আমবাগানে অভিযান চালিয়ে অস্ত্রসহ উক্ত ব্যক্তিকে আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।


