ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের গুলিতে খুন হয়েছেন নৌকার সমর্থক ও আওয়ামী লীগ কর্মী শামীম হোসেন (২৬)।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার নাজিরপুর হাটপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত শামীম নাজিরপুর হাটপাড়া গ্রামের নুর আলী মোল্লার ছেলে। সে মঞ্জুরুল ইসলাম মধুর ব্যবসায়ী পাটনার ছিলো।
স্থানীয় বাসিন্দা সূত্রে ও পুলিশ জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় নৌকা পরাজিত প্রার্থী মঞ্জুরুল ইসলাম মধু তার কর্মী-সমর্থকদের নিয়ে নাজিরপুর হাটপাড়া বাজারে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এসময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তারিকুল আলম ওরফে নিলু খার ছেলে ইমরান বেশকিছু লোকজন নিয়ে এসে অতর্কিত গুলি করে পালিয়ে যায়। তখন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান শামীম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


