IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐক্যবদ্ধ শক্তিকে ধরে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনেরবাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই স্ত্রী নিহতপুঠিয়ায় বেসরকারি ক্লিনিকে অভিযান, জনবল সংকটে একটি বন্ধরাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনবন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটনসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভাগোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভাতানোরে প্রধান শিক্ষকের ইচ্ছায় চলে স্কুলফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪‘১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে’মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধনসিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছামহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী আলিফ দত্তের হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে না

সৌদিতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে ভয়েস মেসেজে বাবা-মাকে শেষ আকুতি দুই ভাইয়ের দোয়া করবেন, আর দেখা হবে না

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : কারখানার ভেতর তখন দাউ দাউ করে জ্বলছে আগুন। চারদিকে ধোঁয়া আর আতঙ্ক। বের হওয়ার দরজাটিও বন্ধ। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে শেষবারের মতো বাবা-মায়ের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন দুই ভাই মোহন প্রামাণিক ও সুমন প্রামাণিক। বারবার ইমু ও হোয়াটসঅ্যাপে ফোন করছিলেন তারা। কিন্তু বাড়িতে তখন বিদ্যুৎ ছিল না। মোবাইলে ইন্টারনেট সংযোগ না থাকায় সেই ফোন আর পৌঁছায়নি বাবা-মায়ের কাছে। বলা হয়নি শেষ কথাটুকুও।

পরে ভয়েস মেসেজে নিজেদের শেষ আকুতির কথা জানান দুই ভাই। বলেন, ‘কারখানায় আগুন ধরেছে। দরজা বন্ধ থাকায় বের হতে পারছি না। হয়তো আমরা মারা যাব। আমাদের সঙ্গে আর দেখা হবে না। আমাদের জন্য দোয়া করবেন।’ এরপর আর কোনো ফোন আসেনি। ভয়েস মেসেজেই শেষ হয়ে যায় বাবা-মায়ের সঙ্গে দুই সন্তানের যোগাযোগ।

নিহত মোহন ও সুমন নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের গোফ্ফার প্রামাণিকের ছেলে। রোববার সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই সহোদরসহ অন্তত ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হন। তাদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন রয়েছেন বলে স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানিয়েছে।

দুই ছেলের মৃত্যুর খবরের পর থেকে নির্বাক হয়ে পড়েছেন বাবা গোফ্ফার প্রামাণিক। একদিকে সন্তান হারানোর শোক, অন্যদিকে মৃত্যুর আগে তাদের সঙ্গে শেষবার কথা বলতে না পারার আক্ষেপ তাকে আরও ভেঙে দিয়েছে।

গোফ্ফার প্রামাণিক জানান, তার তিন ছেলে ও এক মেয়ে। তিনি নিজে এবং ছোট ছেলে মামুন হোসেন (১৭) শারীরিক প্রতিবন্ধী। পরিবারের নিজস্ব কোনো জমিজমাও নেই। সংসারের অভাব দূর করতে প্রায় আট বছর আগে ধারদেনা করে বড় ছেলে মোহনকে সৌদি আরবে পাঠান তিনি।

প্রবাসে গিয়ে মোহন কাজ শুরু করার পর কয়েক বছরের মধ্যে পরিবারের ধারদেনা শোধ করেন। এরপর ছোট ভাই সুমনকেও প্রায় দুই বছর আগে সৌদি আরবে পাঠানো হয়। দুই ভাই একই সঙ্গে কাজ করতেন। তাদের স্বপ্ন ছিল, প্রবাসে কাজ করে টাকা জমিয়ে দেশে একটি পাকা বাড়ি করবেন। এরপর দুই ভাই একসঙ্গে দেশে ফিরে বিয়ে করে সংসার শুরু করবেন।

সেই স্বপ্ন বাস্তবায়নের পথে গত বুধবার বাড়িতে নতুন ঘর নির্মাণের জন্য ভিত্তি স্থাপন করা হয়। কাজও শুরু হয়। কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হলো না। মাত্র কয়েক দিনের ব্যবধানেই দুই ভাইয়ের মৃত্যুর সংবাদ পৌঁছায় বাড়িতে।

রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের ওই সোফা তৈরির কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে। কারখানায় কর্মরত শ্রমিকদের অনেকেই ভেতরে আটকা পড়েন। পরে আগুনে অন্তত ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর তথ্য পাওয়া যায়।

সেই সময়ের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন গোফ্ফার প্রামাণিক। তিনি বলেন, ‘আগুন লাগার পর দুই ছেলে বারবার ইমু আর হোয়াটসঅ্যাপে ফোন করার চেষ্টা করেছে। কিন্তু তখন আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না। তাই ফোনে নেট পায়নি। আমরা তাদের সঙ্গে শেষবারের মতো কথাও বলতে পারিনি।’
তিনি বলেন, ‘পরে ওরা ভয়েস মেসেজ পাঠিয়েছে। বলেছে, কারখানায় আগুন ধরেছে, দরজা বন্ধ থাকায় বের হতে পারছে না। হয়তো মারা যাবে। আমাদের সঙ্গে আর দেখা হবে না। আমাদের জন্য দোয়া করবেন। ওদের এই কথাগুলো শুনে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে আত্রাই উপজেলার ১৩ জন রয়েছেন। তারা হলেন- পারকাসুন্দা গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে মো. জালাল, ডুবাই গ্রামের বাদলের ছেলে মো. সুমন হোসেন, একই গ্রামের চঞ্চলের ছেলে মো. হাসিবুল হাসান শুভ, গন্ডগোহালী গ্রামের গোফ্ফার প্রামাণিকের ছেলে মো. মোহন প্রামাণিক ও মো. সুমুন প্রামাণিক, একই গ্রামের সাইদুর রহমানের ছেলে মো. রুবেল হোসেন, ফজলুর ছেলে মো. কলিউদ্দিন প্রামাণিক, সাধনগর গ্রামের মো. সাগর হোসেন, উদনপৈ গ্রামের ময়েন শেখের ছেলে মো. ফরিদ শেখ, মাদবপুর গ্রামের মজনু মিয়ার ছেলে মো. মজিদুল ইসলাম, ডুবাই গ্রামের সোহেল রানা, মধ্যেবোয়ালিয়া গ্রামের মো. মিনহাজ এবং খরসতী গ্রামের মো. মহিদুল ইসলাম।

নিহতের খবর ছড়িয়ে পড়ার পর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। গন্ডগোহালী গ্রামের গোফ্ফার প্রামাণিকের বাড়িতে এখন কেবলই কান্না। যে বাড়িতে কয়েক দিন আগে দুই ছেলের স্বপ্নের নতুন ঘরের ভিত্তি স্থাপন করা হয়েছিল, সেই বাড়িতেই এখন অপেক্ষা তাদের মরদেহের।
স্বজনরা দ্রুত নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031