ধূমকেতু প্রতিবেদক,ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে দৈনিক কালবেলার ভুয়া ফটোকার্ড ব্যবহার করে পৌর বিএনপির দুই নেতার নামে মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফুলবাড়ী পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাসার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ উল্লেখ করে দৈনিক কালবেলা পত্রিকার লোগো ও ফটোকার্ড ব্যবহার করে স্থানীয় প্রতিনিধি রীতা রানী কানুর নাম জড়িয়ে পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাসার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুর্তজা হক অনিকের বিরুদ্ধে ‘৩ লাখ টাকার বিনিময়ে সার ডিলারশিপ পাইয়ে দেওয়ার অভিযোগ’ শিরোনামে একটি ভুয়া সংবাদ ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।
আবুল বাসার দাবি করেন, তিনি ওই ধরনের কোনো সংবাদ দৈনিক কালবেলা পত্রিকায় পাঠাননি এবং ২১ সেপ্টেম্বর পত্রিকাটিতেও এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি। তার অভিযোগ, একটি চক্র ভুয়া ফটোকার্ড তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে।
এ ঘটনায় দৈনিক কালবেলার ফুলবাড়ী প্রতিনিধি ২২ সেপ্টেম্বর রাতে পত্রিকার নাম ও লোগোর অপব্যবহার এবং নিজের ভাবমূর্তি রক্ষাসহ নিরাপত্তার স্বার্থে ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। জিডি নম্বর-১২০৮।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুর্তজা হক অনিক বলেন, রাজনৈতিক পরিচয় ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত সম্মান ক্ষুণ্ন করতে একটি মহল মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের ফটোকার্ড তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের উদ্দেশে বলেন, কোনো সংবাদ বা ফটোকার্ডের সত্যতা নিশ্চিত না হয়ে তা বিশ্বাস, শেয়ার বা লাইক না দেওয়ার জন্য। একই সঙ্গে দৈনিক কালবেলার নাম ও লোগো ব্যবহার করে অপপ্রচার চালানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েল, মানিক মণ্ডল, আতিয়ার রহমান মিন্টু, শাহাবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



