ধূমকেতু নিউজ ডেস্ক : প্রথমবারের মতো শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ঐতিহাসিক কীর্তি গড়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের সঙ্গে ফিরেছেন কোচিং স্টাফরাও।
গতকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় টাইগাররা। এর মাধ্যমে লঙ্কান মাটিতে প্রথমবারের মতো এই ফরম্যাটে সিরিজ জয় নিশ্চিত করে লিটন-তাসকিনরা।
ওয়ানডে ও টেস্ট সিরিজে হারলেও টি-টোয়েন্টিতে দারুণ প্রত্যাবর্তন করে টাইগাররা। তবে দেশে ফিরলেও বিশ্রামের খুব একটা সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। আগামীকাল থেকেই শুরু হবে প্রস্তুতি ক্যাম্প, কারণ সামনে আরও একটি গুরুত্বপূর্ণ সিরিজ—পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
শেষ ম্যাচে শ্রীলংকা প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৩২ রান। দলের হয়ে ওপেনার পাথুম নিশাঙ্কা সর্বোচ্চ ৪৬ রান করেন। বাংলাদেশের পক্ষে বল হাতে ঝলক দেখান শেখ মেহেদি হাসান, মাত্র ১১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা পারফরমার হন তিনি।
জবাবে ১৬.৩ ওভারেই ৮ উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ, ফলে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় টাইগাররা।
বাংলাদেশের এবার নজর পাকিস্তান সিরিজের দিকে। আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। উল্লেখ্য, মে মাসে পাকিস্তানে অনুষ্ঠিত আগের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার নিজেদের মাটিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় লড়বে লিটন-শান্ত-মিরাজরা।


