ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপের অংশ হিসাবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে করোনা পরিস্থিতির কারণে দফায় দফায় বেড়েছে টাইগারদের কোয়ারেন্টাইন সময়সীমা। তবে খুশির সংবাদ হচ্ছে গতকাল ক্রিকেটার এবং কোচিং স্টাফের সকল সদস্যের করোনা টেস্ট করা হয়েছে। সেখানে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ছাড়া করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন বাংলাদেশের সকল ক্রিকেটার এবং সদস্য।
শেষবারের করোনা পরীক্ষায় সবার ফলাফল নেগেটিভ জানিয়ে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন এক ভিডিও বার্তায় বলেন, রোববার আমাদের একটি কোভিড টেস্ট ছিল। আজ সকালে ফলাফল এসেছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই নেগেটিভ। এই নেগেটিভ হওয়ার কারণে আমরা কোয়ারেন্টাইন থেকে আগামীকাল বের হতে পারব এবং অনুশীলনে যেতে পারব।
সুজন আরও বলেন, কাল আমারা সোয়া ১০টা থেকে অনুশীলন শুরু করবো লিংকন বিশ্ববিদ্যালয় মাঠে, সেখানে আমরা জিমের সুযোগও পাবো। অনুশীলন শেষে আমরা হোটেলে ফিরবো। এরপর আমরা স্বাভাবিক চলাফেরা, ট্রেনিংসহ সবই করতে পারব। নিজেদের তৈরি করতে পারব প্রথম টেস্টের জন্য।’
জানুয়ারির শুরুর দিন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে জানুয়ারির ৯ তারিখে। দেশবাসীর কাছে দোয়া চেয়ে সুজন বলেন, দেশবাসীর কাছে প্রত্যাশা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এখানে সুস্থ থাকি এবং ভালো একটি সিরিজ খেলতে পারি।


