ধূমকেতু নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে সরকার এক যোগে কাজ করার সিদ্ধান্ত হয়েছে।
বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদসহ শিক্ষা, প্রাথমিক গণ শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রীগণের সাথে প্রধানমন্ত্রী বৈঠক করেন। বৈঠকে বই পড়ার কর্মসূচি কিভাবে সারা দেশের শিক্ষার্থীদের মাঝে বিস্তৃত করা যায় সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রীপরিষদ বিভাগের কক্ষে এই বৈঠক হয়।
বৈঠকে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবু সায়ীদ, শিক্ষামন্ত্রী আনম এহছানুল হক মিলন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম , প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, জাহেদ উর রহমান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ উর্ধ্বতন কর্মকতারা বৃন্দ উপস্থিত ছিলেন।
গত ৭ এপ্রিল অধ্যাপক আবু সায়ীদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছিলেন। ওই সময়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়ার কর্মসূচির সরকার সম্মিলিত ভাবে কাজ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়।



