ধূমকেতু প্রতিবেদক,তানোর : দুই দিনের হঠাৎ টানা ভারী বর্ষনের কারনে রাজশাহীর তানোরে কৃষকদের রক্তঘামের ফসল রোপা আমন ধানের ব্যাপক সর্বনাশ হয়ে পড়েছে, ফলে কৃষক চরম হতাশ হয়ে পড়েছে।
গত শুক্রবার দিবাগত রাতে ও শনিবার রাত থেকে সকাল পর্যন্ত টানা ভারি বর্ষন হয়েছে। যার কারনে কৃষকের মাঠে কেটে রাখা পাকা ধানের জমিতে পনি জমে নষ্ট হয়েছে একরের পর একর আমন ধান।
টানা বৃষ্টির কারনে উজান থেকে আসা পানির ঢলে গ্রামীন রাস্তা ঘাট ও পুকুর খালে গ্রামে পানি ঢুকে পড়েছে। তানোর উপজেলার চাঁন্দুড়িয়া, কামারগাঁ, পাঁচন্দর ও কলমা ইউনিয়ন এবং তানোর পৌরসভায় রোপা আমন ধান ডুবে গেছে, ডুবতেই আছে। একারনে হতাশায় কপালে ভাঁজ পড়েছে কৃষকদের।
সরেজমিনে উপজেলার বিভিন্ন আমনের মাঠ ঘুরে দেখা গেছে এমন দৃশ্য। সোনালী রঙে পাক ধরা মাঠজুড়ে একরের পর একর রোপা আমন ধান হঠাৎ দুই দিনের ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে মাজা ভেঙে জমিতে পড়ে রয়েছে। তালন্দ ইউনিয়নের কালনা গ্রামের কৃষক হান্নান, তোফাজ্জল, বাদল, হাসান আলী বলেন, দুই দিনের ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পানিতে তাদের মাঠের সবার ধান মাটিতে লুটিয়ে পড়েছে। দ্রুত পানি নিষ্কাসন করা নাহলে ধানের চরম ক্ষতি হবে। তানোর পৌর এলাকার ধানতৈর গ্রামের নিষান বলেন,আমন ধানের জমিতে যে পরিমান পানি ঢুকে আছে তাতে দ্রুত নিষ্কাসন নাহলে ধানে গাছ গজিয়ে উঠবে। এতে করে কৃষকরা চরম ক্ষতির মুখে পড়বে। শুধু তাই না উজান থেকে নামতেই আছে পানির। যেদিকেই চোখ যায় সেদিকেই থইথই করছে পানি। প্রতিটি ব্রীজের মুখ দিয়ে নামতেই আছে পানি
জানা গেছে, এবছর রোপা আমন রোপনের সময় থেকে প্রচুর বৃষ্টির পানির দেখা ছিল। আষাঢ়, শ্রাবন ও ভাদ্র আশ্বিন মাসেও এত পরিমান বৃষ্টি হয়েছে,যা অন্যকোন বছর দেখা যায়নি। এখনো মাঝেমধ্যে অব্যাহত রয়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির দেখা।
কৃষকরা বলেন, শুক্রবার রাতে বৃষ্টি থামলেও শনিবার সকাল থেকে বৃষ্টি হতেই আছে হয়তো রাত কালকেও বৃষ্টি হতে থাকবে। নিচের জমিগুলো ডুবে যাবে। রোপা আমনের মারাত্মক ক্ষতি সাধন হবে যা আমাদের সর্বনাশ। টানা বৃষ্টির কারনে সবজি খেতও ক্ষতির মুখে পড়েছে।
কৃষি অফিস সূত্রে জানা যায়, কামারগাঁ ব্লকের কামারগাঁ ৩০ হেক্টর, মাদারিপুর ৮ হেক্টর, ছাঐড় ১৪ হেক্টর, কৃষ্ণপুর ৫ হেক্টর ও পাঁচন্দর ব্লকের মোহাম্মদ পুর ৭ হেক্টর, চাঁদপুর ১০ হেক্টর এবং চান্দুড়িয়া ব্লকের চান্দুড়িয়া ১৫ হেক্টর সিলিমপুর ৫ হেক্টর। তানোর পৌরসভায় ১১০ হেক্টর। সব মিলে ২০৩ হেক্টর রোপা আমন ধান ডুবেছে এর মধ্যে আংশিক ১৫৭ হেক্টর ও পুরোপুরি ডুবেছে ৪৬ হেক্টর। তবে কলমা ইউপির আজিজপুর, চন্দনকোঠা, কুজিশহর সহ ওই ইউপির ধান ডুবার কোন তথ্য দিতে পারেন নি কৃষি অফিস।
উপজেলা কৃষি অফিসার বলেন, উপজেলায় রোপা আমনের চাষাবাদ হয়েছে ২২ হাজার ৪৩৫ হেক্টর জমিতে। তবে ধান ডুবেছে পুরোপুরি ভাবে ৪৬ হেক্টর এবং আংশিক ডুবছে ১৫৭ হেক্টর জমি। অবশ্য বৃষ্টির পানি একেবারে থেমে গেলে এর সঠিক হিসেব পাওয়া যাবে। যে সব জমি ডুবেছে এবং পানি ঢুকেছে সে সব জমি থেকে তিন চার দিনের মধ্যে পানি বের হলে ধানের তেমন ক্ষতি হবে না। কিন্তু এর চেয়ে বেশি সময় পার হলে ধান হবে না।



