ধূমকেতু প্রতিবেদক,সাপাহার : নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের গোপালপুর সোনাডাঙা গ্রামে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা গেছে গত ১৫ই নভেম্বর রবিবার রাত ৯ টার দিকে কয়েল ধরানোর জন্য স্ত্রী আফরোজা বেগম (৬৩) রান্নাঘরে গিয়ে গ্যাস লাইট জ্বালালে রান্নাঘরে থাকা লিকেস হওয়া এলপিজি সিলিন্ডারে আগুন ধরে যায়।
এসময় গৃহিনী আফরোজা বেগম অগ্নিদগ্ধ হয়ে চিৎকার করতে থাকে তার আত্মচিৎকারে পাশের ঘর থেকে স্বামী সোলায়মান আলী দৌড়ে সেখানে গিয়ে স্ত্রীকে উদ্ধারের চেষ্টা করে এ সময় তিনিও অগ্নি দগ্ধ হয়ে পড়েন। রাতেই অগ্নিদগ্ধ দম্পতি কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ নভেম্বর শুক্রবার বিকেল চারটার দিকে স্বামী সোলায়মান আলীর মৃত্যু হয়।
পরে লাশের সাথে স্ত্রী আফরোজা কেও ও-ই দিনই গ্রামের বাড়িতে আনা হয় এবং স্বামী সোলায়মান আলীকে সমাহিত করা হয়। অগ্নিদগ্ধ স্ত্রী আফরোজা বাসায় থাকা অবস্থায় গত ২২ নভেম্বর রবিবার ভোর পাঁচটার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ শাহীন রেজার সাথে কথা হলে বিষয়টি তিনিও লোক মুখে শুনেছেন তবে এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি অভিযোগ পেলে বিষয়টি তিনি তদন্ত করে দেখবেন বলে জানিয়েছেন। এ ঘটনায় গোপালপুর সোনাডাঙা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



