ধূমকেতু প্রতিবেদক: প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুততর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেছেন ভূমি মন্ত্রী মো: মিজানুর রহমান মিনু এমপি।
আজ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে আলোচনার সময় এই সকল নির্দেশনা দেন।
এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো:নুরুল হক এবং সচিব মো: মোখতার আহমেদ উপস্থিত ছিলেন।প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি অফিসে Priority Service চালু;ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রবাসী ডেবিট কার্ডের মাধ্যমে পরিশোধের সুবিধা;নামজারি, মিউটেশন ও অন্যান্য ভূমি সেবা স্বল্প সময়ে সম্পন্ন করা;ভূমি অফিসে প্রবাসী কর্নার/সহায়তা ডেস্ক স্থাপনএবং পাওয়ার অব এটর্নি দলিল সম্পাদনে অগ্রাধিকার প্রদানে ভূমি মন্ত্রীকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।জবাবে ভূমি মন্ত্রী বলেন- সরকার নির্বাচনী অংগীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করতে এবং বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে প্রবাসী কার্ড চালু করছে।ভূমি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে উল্লেখিত সকল সেবা যথাযথভাবে সম্পন্ন করতে সব রকমের সহযোগিতা করবে মর্মে প্রবাসী কল্যাণ মন্ত্রীকে প্রতিশ্রুতি প্রদান করেন।এছাড়াও প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ করতে মন্ত্রণালয় থেকে একটি ফোকাল পয়েন্ট করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন ভূমি মন্ত্রী মো: মিজানুর রহমান মিনু।
এসময় ভূমি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



