IMG-LOGO

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সার কৃষকেরাই ব্যবহার করবে,পাচার হতে দেওয়া যাবে না কৃষিমন্ত্রী আমিন উর রশিদমাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সৌরবিদ্যুৎ ব্যবহারে জোর দিলেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদসাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নব আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধনপোরশায় আমগাছের ডাল ভেঙে মাথায় পড়ে মাদ্রাসা ছাত্রের মৃতুফুলবাড়ীতে জমি বিরোধে বিষ প্রয়োগে আমন ধান নষ্টের অভিযোগকুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দস্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যার দায়ে ওই বাংলাদেশির মৃত্যুদণ্ডবহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এস এম রঞ্জুর মতবিনিময় সভামোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানমোহনপুর থানায় নবাগত ওসি আতিকুর রহমানের যোগদাননবনির্বাচিত বাস মালিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদককে ইঞ্জিঃ শাকিলের ফুলের শুভেচ্ছানায়িকা পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, ১ হাজার ৮৬৬ রোগী হাসপাতালে ভর্তিমান্দায় ২১৫ শিক্ষার্থীর মধ্যে গাছের চারা বিতরণমিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন, আন্দোলনকারীর উপস্থিতি দেখা যায়নি
Home >> জাতীয় >> লিড নিউজ >> মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সৌরবিদ্যুৎ ব্যবহারে জোর দিলেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং সৌরবিদ্যুৎ ব্যবহারে জোর দিলেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

ধূমকেতু প্রতিবেদক : মাদক কারবারের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি। তিনি বলেছেন, মাদক দেশের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্য বড় হুমকি। এ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদক চোরাচালানের মূল হোতা ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি সৌর বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে জ্বালানি আমদানিনির্ভরতা কমাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর) দুপুর বারোটায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী জেলা প্রশাসন।

বিদ্যুৎ মন্ত্রী বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের ওপর। মাদকের ভয়াবহ আসক্তি থেকে তরুণ সমাজকে রক্ষা করতে না পারলে দেশের ভবিষ্যৎ উন্নয়ন বাধাগ্রস্ত হবে। মাদক নিয়ন্ত্রণে শুধু মাদকসেবী বা খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না, মাদক সরবরাহ, চোরাচালান ও ব্যাবসার সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে আরও কঠোর, নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী পাড়া-মহল্লায় খেলাধুলার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়েছেন। তরুণ ও শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সুস্থ বিনোদনের সুযোগ বাড়ানো গেলে তারা মাদক থেকে দূরে থাকবে। তাই প্রতিটি এলাকায় খেলার মাঠ ও খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে হবে। মাদকবিরোধী কার্যক্রমে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণকে সম্পৃক্ত করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

সভায় মন্ত্রী বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহব্যবস্থা সংকটের মুখে পড়েছে। এ পরিস্থিতিতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। সৌরবিদ্যুৎ দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার একটি সাশ্রয়ী ও টেকসই উৎস।

ইকবাল হাসান মাহমুদ জানান, আগামী গ্রীষ্ম মৌসুমে বিদ্যুতের চাহিদা মোকাবিলা এবং লোডশেডিংয়ের ভোগান্তি কমাতে সরকার দেশব্যাপী ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। এর অংশ হিসেবে রাজশাহীতে আগামী এক মাসের মধ্যে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্যোগী হতে হবে। প্রতিটি সরকারি কার্যালয়, উপজেলা প্রশাসন, থানা, পৌরসভা ও সিটি করপোরেশনের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে ছাদে উৎপাদিত অতিরিক্ত সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব। এতে গ্রাহক আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমবে। সৌরবিদ্যুতের প্রতি ইউনিট উৎপাদন ব্যয় প্রায় ৬ থেকে ৬ টাকা ৫০ পয়সা হলেও, জাতীয় গ্রিডে সরবরাহের ক্ষেত্রে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাওয়ার সুযোগ রয়েছে।

বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, গত আট মাসে বিদ্যুৎ খাতে প্রায় ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। জ্বালানি আমদানিনির্ভরতা কমিয়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে সরকারের বিপুল অর্থ সাশ্রয় হবে এবং বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমবে। এ জন্য ‘বেশি বেশি সোলার লাগান, কম কম বিদেশের ওপর নির্ভর করেন’—এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী সৌরবিদ্যুৎ ব্যবহারের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

মন্ত্রী সৌরবিদ্যুৎ স্থাপনের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করে বলেন, আগামী মাসের সমন্বয় সভায় রাজশাহীর বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের অগ্রগতি পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা, উদ্যোগ ও পারস্পরিক সমন্বয় নিশ্চিত করতে হবে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, মাদক চোরাচালানের সঙ্গে জড়িত প্রভাবশালী চক্র এবং অবৈধ অর্থের জোগানদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সীমান্তবর্তী বিভিন্ন রুট ব্যবহার করে মাদক প্রবেশ ও সরবরাহের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। মাদক ব্যাবসার সঙ্গে জড়িত কেউ যেন রাজনৈতিক, সামাজিক বা অর্থনৈতিক প্রভাব খাটিয়ে আইনের আওতা থেকে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা জরুরি। এ লক্ষ্যে রাজশাহী ও চট্টগ্রামে দুটি আধুনিক মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক চিকিৎসাব্যবস্থার মাধ্যমে মাদকাসক্ত ব্যক্তিদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার পাশাপাশি মাদক ব্যাবসার মূল হোতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সভায় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মো. আবু সাইদ চাঁদ, রাজশাহী বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, আরএমপির কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
MTWTFSS
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31