ধূমকেতু প্রতিবেদক,তানোর : বর্তমানে হিমাগার (কোল্ড) স্টোর গুলো বন্ধ হয়ে যাওয়ায় কৃষকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে আলু। না পারছে হিমাগারে রাখতে না পারছেন কম দামে বিক্রি করতে। ফলে আলু নিয়ে চরম বিপাকে দিশেহারা হয়ে পড়েছে তানোরের আলু চাষিরা। সকাল থেকে ভোর পর্যন্ত সারি সারি আলু ভর্তি ট্রাক,ভুটভুটি গাড়ি হিমাগারের সামনে দাঁড়িয়ে রয়েছে। একটু ফাঁক পেলেই হিমাগারের মধ্যে আলু নিয়ে ঢুকে পড়বে কৃষকরা। বর্তমানে হিমাগারে আলু রাখা কৃষকের কাছে সোনার হরিণ হয়ে দাঁড়িয়ে। জানা গেছে, বর্তমান তানোরে আলু সংরক্ষণের জন্য ৭টি হিমাগার রয়েছে। এসব হিমাগারে ইতিমধ্যে আলু সংরক্ষণ সম্পূর্ণ হয়ে গেছে বলে হিমাগার মালিকরা দাবি করলেও কৃষকদের দাবি, হিমাগারে পর্যাপ্ত পরিমাণে ফাঁকা রয়েছে।
হিমাগার মালিকরা কৃষকের আলু না নিয়ে নিজেরাই বিভিন্ন সিন্ডিকেট গড়ে তুলে আলু কিনে সংরক্ষণ করছেন। যার জন্য কৃষকরা সরাসরি হিমাগারে আলু রাখতে পারছেন না। ফলে বাধ্য হয়ে কম দামে মাঠ থেকে আলু বিক্রি করে দিতে হচ্ছে কৃষকদের।
আবার অনেকে হিমাগারের মূল্য তালিকার চেয়ে বেশি টাকার বিনিময়ে ঘুষ দিয়ে হিমাগারে আলু সংরক্ষণ করছেন। উপজেলার কামারগাঁ ইউনিয়নের মাদারীপুর গ্রামের আলু চাষি রোকন জানান,তার ৩ হাজার বস্তা আলু হিমাগারে রাখতে পারেন নি। এরকম তানোর পৌর এলাকার বেলপুকুরিয়া গ্রামের সোহেল রানা ৫৫বিঘা জমির আলু নিয়ে চরম বিপাকে পড়েছেন। তার হিমাগারে কন্টাকে বুকিং করা থাকলেও এখন পেইড বুকিং ছাড়া আলু নিচ্ছে না। এতে করে মাঠে আলু নিয়ে দিশেহারা হয়ে পড়েছে সোহেল রানা। তাদের মত শতশত আলু চাষি হিমাগারে বুকিং না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে। তবুও প্রশাসনের কোন নজর নেই।
নেই ভোক্তা অধিদপ্তরের কোন অভিযান। যার জন্য আরো বেপরোয়া হয়ে পড়েছে হিমাগার মালিকরা। এসব বিষয়ে জানতে চাইলে কোন হিমাগারের মালিকরা বক্তব্য দিতে চায়নি।


