ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় গোল্ডেন ডিপিএস’র নামে গ্রাহকদের সাথে প্রতারণার অভিযোগে নগরীতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সোমবার (৩০ জুন) বিকেলে নগরীর ভদ্রা এলাকার একটি রেস্টুরেন্টের সভাকক্ষে বাগমারা উপজেলার পিরোলি সেনোপাড়া গ্রামের কয়েকজন ভুক্তভোগী এ সংবাদ সম্মেলন করেন।
ভুক্তভোগীদের পক্ষে সজিব নামের এক যুবক লিখিত বক্তব্যে জানান, সাজেদুর রহমান একজন উকিলের মহুরী হলেও নিজেকে “দ্বিতীয় উকিল” পরিচয় দিয়ে তার পিতা সাইফুল ইসলাম ও শ্বশুর মোজাফফর হোসেনকে সাথে নিয়ে ভয়াবহ প্রতারণা, সুদ বাণিজ্য ও চাঁদাবাজির সাম্রাজ্য চালিয়ে আসছেন।
২০১৫ সাল থেকে ‘গোল্ডেন ডিপিএস’ নাম ব্যবহার করে শতাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করা হলেও পরবর্তীতে টাকা ফেরত চাইলে উল্টো ভুক্তভোগীদের নামে মিথ্যা মামলা, হুমকি ও মারধরের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে অন্তত ২০০টি পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে কয়েকজন ভুক্তভোগী তাদের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন।
সজিব নামের স্থানীয় এক ভুক্তভোগী জানান, তার বাবা পাঁচ বছর ধরে সাইফুল ইসলামের ডিপিএসে টাকা জমা রেখেছিলেন, কিন্তু চুক্তিতে সই ছিল সাজেদুরের নামে। এখন টাকা চাইলে তারা ভয়ভীতি দেখাচ্ছে।
বেলাল নামের কালিগঞ্জ বাজারের নাইটগার্ড বলেন, সাজেদুরের শ্বশুর মোজাফফরের বাড়ি পুলিশকে দেখিয়ে দেওয়ায় তাকে মারধর করা হয় এবং এক লাখ টাকা না দিলে মিথ্যা মামলার হুমকি দেওয়া হয়।
জাহাঙ্গীর আলম আর এক ভুক্তভোগী জানান, ৭৫ হাজার টাকা ঋণ নেওয়ার পর সুদসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকা পরিশোধ করেও রেহাই পাননি। তার কাছ থেকে ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে ফাঁসানোর চেষ্টা চলছে। এ বিষয়ে তিনি লিখিতভাবে থানায় অভিযোগ করেছেন। তার মোটরসাইকেল ও মালামাল জোর করে বিক্রি করে দেওয়া হয়েছে ও তাকে হুমকি-ধামকি দেওয়া হয়েছে। ভুক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে তাদের সাথে প্রতারণাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। অভিযোগের বিষয়ে কথা বলতে সাজেদুরের সাথে মোবাইলে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।


