ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : গত ১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস ‘। দিনটি রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে পালন করা হচ্ছে। রংপুরে কোটা সংস্কার আন্দোলনে সময় পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র আবু সাঈদের স্মরণে সরকার দিনটিকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছেন। ১৬ জুলাই এই দিবসটি ‘খ’ শ্রেণিভুক্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। জাতীয় শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করার বিধি-নিষেধ থাকলেও, রাজশাহীর পুঠিয়া উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা আঞ্জুমানয়ারা খাতুন সে নিয়মের তক্কা না করেই আজ দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পতাকা অর্ধনমিত না রেখেই অফিস পরিচালনা করেন।
অফিস সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই একটি প্রজ্ঞাপন জারি করে, সেখানে বলা হয়েছে আগামী ১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। শহীদদের মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার আয়োজনের নির্দেশও ছিল।
জাতীয় পতাকা অর্ধনমিত না করার বিষয়ে জানতে চাইলে, রাজশাহী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম সদস্য সচিব, মো: শাফিন আখতার বলেন, বিষয়টি খুবই নিন্দনীয়। আমরা আমাদের সংগঠনের সঙ্গে কথা বলে পল্লী উন্নয়নের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করবো।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আঞ্জুমানয়ারা বলেন, “আমি প্রজ্ঞাপন দেখেছি। আমার অফিস সহকারীকে বলেছিলাম জাতীয় পতাকা অর্ধনমিত করার জন্য। কিন্তু সে করেনি। এটা আমার আগেই দেখে নেওয়া উচিত ছিল। আমি দেখিনি, এটা আমার ভুল।”
পুঠিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন , এ. কে. এম. নূর হোসেন নির্ঝর বলেন, উপজেলা প্রশাসনের ফেসবুকে প্রজ্ঞাপনটি পোস্ট করা হয়েছে। এছাড়াও সংশ্লিষ্ট দপ্তর থেকেও তাদেরকে প্রজ্ঞাপনের নোটিশ দেওয়া হয়েছে। তারপরও তারা এটা অবমাননা করছে এটা খুবই নিন্দনীয় একটা বিষয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


