ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা মিশুক মালিক সমিতির ২০২৫ সালের নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে নির্বাচনী মাঠ। আজ সোমবার (২১ জুলাই) নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র উত্তোলনের প্রথম দিনেই প্রার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নির্বাচন পরিচালনার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন সাব-কমিটি সূত্রে জানা গেছে, প্রথম দিনেই মোট ২৬ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সভাপতি পদে মনোনয়ন তুলেছেন ২ জন, সহ-সভাপতি পদে ৬ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৬ জন, অর্থ সম্পাদক পদে ২ জন, কার্যকরী সদস্য পদে ৭ জন।
প্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলনের সময় সমর্থকদের সঙ্গে নিয়ে উপস্থিত হন সমিতির কার্যালয়ে। প্রার্থীদের অনেকে নিজ নিজ অভিজ্ঞতা, শ্রমিক মালিকদের জন্য কাজ করার প্রতিশ্রুতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
নির্বাচন সাব-কমিটি জানিয়েছে, আগামী ২৩ জুলাই ২০২৫ তারিখ সকাল ৯টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ওই দিনই মনোনয়ন যাচাই-বাছাই ও বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এরপর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৮ আগস্ট ২০২৫, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এরপর চুড়ান্ত ফল প্রকাশ হবে ১১ আগস্ট।
এবারের নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান নির্বাচন কমিটির একাধিক সদস্য।
এদিকে, নির্বাচনকে ঘিরে সাধারণ সদস্যদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। বিভিন্ন পদপ্রার্থীরা ইতোমধ্যে সমর্থন আদায়ের লক্ষ্যে মাঠে নেমেছেন। রাজশাহীর বিভিন্ন এলাকায় পোস্টার, লিফলেট ও মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে।
নির্বাচনকে ঘিরে রাজশাহী জেলা মিশুক মালিক সমিতির কার্যালয় এখন যেন এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়েছে।


