ধূমকেতু প্রতিবেদক,নাটোর : নাটোরে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মজিবর রহমান (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে শহরের বড় হরিশপুর বাসস্ট্যান্ড এলাকার চেয়ারম্যান রোডের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মজিবর রহমান সদর উপজেলার হয়বতপুর ইউনিয়নের আটঘড়িয়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। তিনি পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী।
নিহত মজিবর রহমানের ছেলে রাহিদ জানান সকাল ৬ টার সময় বড় হরিশপুর এলাকা থেকে আমার বাবার মোবাইল থেকে কল করে বলে যে আপনার বাবা এক্সিডেন্ট করেছে। তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়েছে আপনি তাড়াতাড়ি আসেন। পরে আমরা সদর হাসপাতালে গেলে কর্তব্যরত ডাক্তার আমার বাবাকে রাজশাহী মেডিকেলে রেফার্ড করে। আমরা বাবাকে নিয়ে হাসপাতালের এ্যম্বুলেন্সে করে রাজশাহী নেয়ার পথে পুঠিয়া এলাকায় আমার বাবার মৃত্যু হয়।
বড় হরিশপুর এলাকার চা বিক্রেতা আমজাদ হোসেন জানান সকাল ৬ টার দিকে হযবতপুরের দিক থেকে আসা অটোরিক্সার সাথে বিপরীত দিক থেকে আসা দ্রæতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তখন ফায়ার সার্ভিস ও পুলিশকে কল করলে তারা এসে আহতদের নাটোর সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।
এ ব্যাপারে ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, সকালে মজিবর রহমান একটি সিএনজিতে করে কাঁচামাল কিনতে স্টেশন বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়হরিশপুর বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মজিবর রহমান গুরুতর আহত হন। তিনি জানান খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাক শনাক্ত করে এর চালককে আটকের চেষ্টা চলছে।


