ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের বাউসা ভোকেশনাল ইন্সটিটিউট অ্যান্ড বিএম কলেজের এগ্রোবেসড ফুট ট্রেড ইন্সট্রাক্টর পদে কর্মরত বিপুল কুমারকে মারধর করে পদত্যাগপত্র লিখায়ে স্বাক্ষর ও টিপসহি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে প্রতিষ্ঠানে আসতে পারেননি ওই শিক্ষক। তাকে বাদ দিয়েই জুন’২৫ মাসের বেতন বিল দাখিল করা হয়েছে বলে জানান তিনি ।
বিপুল কুমারের ভাষ্য, গত ১৭ জুলাই’২৫ তাকে প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট রেজাউল করিম শিক্ষা প্রতিষ্ঠানে তাকে হুমকি-ধামকি ও অশ্লিল কথা বার্তা বলাসহ মারধর করে পদত্যাগপত্রে স্বাক্ষর-টিপসহি নিয়েছেন। এই ঘটনার আগে সুপারিনটেনডেন্ট রেজাউল করিম তাকে ১৬ হাজার ১৯ জাতের ৩০ কেজি ধান এনে দেওয়ার জন্য বলেছিলেন । সেই ধান এনে না দেওয়ার কারণেই ওইদিন প্রতিষ্ঠানে স্টাফ মিটিং কল করে সেখানেই হুমকি-ধামকি ও অশ্লিল কথা বার্তা বলাসহ মারধর করে পদত্যাগপত্র লিখায়ে স্বাক্ষর-টিপসহি নিয়েছেন।
এঘটনায় জেলা প্রশাসক,উপজেলা নির্বাহি অফিসার ও থানায় করা লিখিত অভিযৈাগে বিপুল কুমার উল্লেখ করেছেন, যুক্তিসঙ্গত কারণ ও নোটিশ ছাড়াই প্রধান শিক্ষক তাকে বলেন, জীবন দিবি না পদত্যাগপত্র দিবে বলে আমাকে শারিরীক ভাবে নির্যাতন করে এবং আমাকে দিয়ে জোর করে পদত্যাগপত্র লিখিয়ে নিয়ে স্বাক্ষর করে নেয়। শারিরকি ভাবে অসুস্থ হলে শিক্ষক ও পরিবারের সদস্যগণ তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনার পর থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রেজাউল করিম বিভিন্ন ভাবে তাকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে। ভবিষ্যতে তার আরও বড় ধরনের ক্ষতি করার সম্ভাবনা রয়েছে বলে দাবি করা হয়েছে। তবে অভিযোগ অস্বিকার করেছেন প্রতিষ্ঠানটির সুপারিনটেনডেন্ট রেজাউল করিম।
বিপুল কুমার জানান, ওই দিনের ঘটনার আগে ২৮ জুন’২৫ রেজাউল করিম মুঠোফোনে ধান এনে দেওয়ার কথা বলেন। কিন্ত তার এলাকার বাজারে ৩০ কেজি ধান পাননি। পরে স্থানীয় এক ব্যবসায়ীকে অর্ডার করেন এবং মোবাইল ফোনে বিষয়টি সুপারিনটেনডেন্ট রেজাউল করিমকে জানান।
৩০ জুন’২৫ (৩০/০৬/২০২৫) ধান না নিয়ে প্রতিষ্ঠানে যাওয়ার পর রেজাউল করিম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেন, বাগাতিপাড়া বীজ পাওয়া যায়নি, তুই রাজশাহী যাবি না হয় নাটোর যাবি, তোর কাজ তো এটাই। তুই কীভাবে চাকুরি করিস আমি দেখে নেব। তিনি ক্ষমা চেয়ে বীজ এনে দেওয়ার কথা বলে প্রতিষ্ঠান থেকে বাড়িতে চলে যান।
প্রায় ২০দিন পর ১৭ জুলাই’২৫(১৭/০৭/২০২৫) প্রতিষ্ঠানে স্টাফ মিটিং কল করে সেখানেই হুমকি-ধামকি ও অশ্লিল কথা বার্তা বলাসহ মারধর করে পদত্যাগপত্র লিখায়ে স্বাক্ষর-টিপসহি নিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান,প্রায় ৩বছর আগে উপজেলা নির্বাহি অফিসারের নিকট প্রতিষ্ঠান প্রধানের অনিয়মসহ দুর্ব্যবহারের অভিযোগ তুলে বিপুল কুমারসহ ৮জনের স্বাক্ষরিত অভিযোগ করা হয়।
রেজাউল করিমের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং সনদের অভিযোগের প্রেক্ষিতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) প্রকৌশলী জয়নাল আবেদীন স্বাক্ষরিত (২৭-১০-২০২২) পত্রে উল্লেখ করেন, রেজাঊল করিম (সুপারিনটেনডেন্ট) এর ডিপ্লোমা-ইন-ইজ্ঞিনিয়ারিং (সিভিল) সনদটি বালাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ইস্যু করা হয়নি। তার জাল সনদের অভিযোগে প্রায় ৩ বছর বেতন বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহের বিষয়ে বিপুল কুমারসহ কয়েকজন শিক্ষককে দোষারুপ করা হয়। পূর্বের সেই জেরই কাল হয়েছে বিপুল কুমারের।
অভিযোগ অস্বীকার করে রেজাউল করিম বলেন, কয়েকজন শিক্ষকের উপস্থিতিতে স্বেচ্ছায় পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন শিক্ষক বিপুল কুমার। কেউ যদি জোর করে স্বাক্ষর নেওয়ার কথা বলে থাকে,তাহলে সে মিথ্যা বলেছে বলে দাবি তার।
জাল সনদের অভিযোগে বেতন বন্ধের বিষয়ে জানতে চাইলে,মামলার ভয়ভীতির কথা বলে বলেন,প্রথম আলোর সাংবাদিক আমার ভাইয়ের চেয়ে আপনি বড় সাংবাদিক না। আমি কোন বক্তব্য দিবনা।
পরে তিনি বলেন, আমি বিএনপির রাজনীতি করে বলেই বিগত বছরে আমার উপর জুলুম অত্যাচার করা হয়েছে। আমাকে ফাঁসাতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ করা হয়েছে। বেতন বন্ধের ব্যাপারে নিয়মতান্ত্রিকভাবে প্রক্রিয়া চলছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান জানান,আমার কাছে পাঠানো সিট-টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ (বগুড়া) কর্তৃক রেজাউল করিমের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদটি যাচাই বাছাইয়ের জন্য ২০২৪ সালের জুলাই মাসে সংশ্লিষ্ট প্রতিষ্টানে পাঠানো হয়। সেখান থেকে সঠিক বলে জানানো হয়েছে। ওই প্রতিষ্ঠান থেকে ২০১২ সালে পাশের কথা উল্লেখ করা হয়েছে। তাহলে বেতন কেন হচ্ছেনা জানতে চাইলে বলেন,লেনদি প্রসেস,সময় লাগবে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান বলেন, জিডি তদন্তের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। অনুমতি পেলে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।
উপজেলা নির্বাহি অফিসার ও প্রতিষ্ঠানটির সভাপতি শাম্মী আক্তার বলেন, আমি যোগদানের পর সম্প্রতি ঘটনার অভিযোগ পেয়েছি। আইনী প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। তবে বিপুল কুমারকে বাদ দিয়ে জুন মাসের যে বেতন বিল দাখিল করা হয়েছে,তাতে স্বাক্ষর না করে ঠিক করে আনতে বলা হয়েছে। জাল সনদের অভিযোগে বেতন বন্ধের বিষয়ে বলেন, এটা কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিষয় । ##


