ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলায় ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা।
সেনাবাহিনী ও উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, শুক্রবার (৮ আগস্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের ডাহিয়া ফকিরপাড়া ও চামারী ইউনিয়নের বিলদহর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ও
বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর এই অভিযান পরিচালনা করে। বিশেষ এ অভিযানে ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন বলেন, চলনবিলের জীববৈচিত্র ও মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
তিনি আরও জানান, চলনবিলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় ভবিষ্যতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


