ধূমকেতু প্রতিবেদক, মান্দা : গোমস্তাপুর প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগ নেতার আমবাগান থেকে এক মহিলার গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় আটক তার সাবেক স্বামীকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ । এরআগে বুধবার ভোরে উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের মধ্য ব্রজনাথপুর গ্রাম থেকে ওই মহিলার সাবেক স্বামী ওই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আনারুল ইসলাম (৪৪)কে আটক করে পুলিশ ।
এদিকে, আটককৃত আনারুলকে বুধবার আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত তার ২দিনের রিমান্ড মঞ্জুর করে। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, মঙ্গলবার ওই মহিলার ছেলে বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
এ ঘটনায় তার সাবেক স্বামী আনারুলকে সন্দেহভাজন আসামি হিসাবে বুধবার ভোরে তার বাড়ি থেকে আটক করা হয়। বুধবার আদালতে হাজির করে তার রিমান্ড প্রার্থনা করা হলে আদালত তা মঞ্জুর করেন।
প্রসঙ্গত; গত সোমবার রাত উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী শিবরামপুর মৌজার স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সাদরুল ইসলামের আমবাগান থেকে জেসমিন আক্তার (৪৭) নামে এক মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।


