ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পবার চরখিদিরপুর, চর তারানগর ও খানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত দুশো পরিবারের মাঝে জরুরী বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে স্টার্ট ফান্ড বাংলাদেশ-এর সহায়তায় কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের উদ্যোগে উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ২০০ পরিবারের মধ্যে এই জরুরি মানবিক সহায়তা বিতরণ করা হয়।
বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৬,০০০ টাকা নগদ অর্থ, জরুরি হাইজিন কিটস্ এবং জরুরি সুরক্ষা এনএফআই (নন ফুড আইটেম) সহায়তা প্রদান করা হয়। হাইজিন কিটে ছিল: ঢাকনাসহ প্লাস্টিকের বালতি (২০ লটার) ১টি, গোসলের সাবান (১৫০ গ্রাম) ৪ টি, গুড়া সাবান (কাপড় কাঁচার) ২ প্যাকেট, স্যানিটারি ন্যাপকিন ১ প্যাকেট, প্লাস্টিক মগ (১.৫ লিটার), ১টি, এবং ওআরএস (এসএমসি) ১০ টি ।
চর খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিয়ান ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সাবের আলী এবং চর তারানগরে সভাপতিত্ব করেন হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুসফিকুর রহমাস রাসেল। অনুষ্ঠানে অতিথি ছিলেন পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মোঃ আবু বাশির এবং কারিতাস বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমান জেনারেল বডির সদস্য বিশপ জের্ভাস রোজারিও, রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মার্ডী, আঞ্চলিক পরিচালক ডঃ আরোক টপ্য। উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা উপনদীর প্রবাহে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় ৫৪,৬০০ এরও বেশি মানুষ (প্রায় ১৩,০০০ পরিবার) গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৭০০ হেক্টর কৃষিজমি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাড়িঘর ও সম্পদ হারিয়ে স্থানান্তরের মুখোমুখি হতে হচ্ছে এবং গবাদিপশু রক্ষায় তারা মারাত্মক দুর্ভোগে পড়েছে।


