ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়িকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার পর থেকে আখড়াবাড়ির প্রধান প্রবেশদ্বারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার রাজবাড়ীর একটি মাজারে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে পুরো জেলায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে লালন শাহের মাজার এলাকায় বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, আখড়াবাড়ির প্রবেশমুখে একাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এ সময় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আলম হোসেন বলেন, “গতকাল রাজবাড়ীতে মাজারকেন্দ্রিক একটি ঘটনা ঘটেছে। সেই সতর্কতার অংশ হিসেবেই আমাদের মোতায়েন করা হয়েছে।”
স্থানীয়রা জানান, লালন শাহের আখড়াবাড়ি শুধু ধর্মীয় স্থান নয়, দেশি-বিদেশি দর্শনার্থীদের অন্যতম গন্তব্য। তাই এখানে নিরাপত্তা জোরদার করায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, “কিছু ইস্যুকে সামনে রেখে জেলায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”


