ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের কানসাট -রহনপুর -দিনাজপুর রুটে চলাচল করা বিআরটিসি বাসের মধ্যে একটি বাস ঝুঁকি নিয়ে চলাচল করছে।প্রায় প্রতিদিনই বাসটি রাস্তায় যান্ত্রিক সমস্যা পড়ছে।এতে এ রুটে চলাচল করা যাত্রীদের মধ্যে আতংক বিরাজ করছে। যাত্রীরা জানান,কানসাট -রহনপুর -দিনাজপুর রুটে চলাচল করা দুটি বাসের মধ্যে( ঢাকা মেট্রো-ব-১১-২৮৯১) বাসটি লক্কর – ঝক্কর মার্কা।প্রায় প্রতিদিনই বাসটি রাস্তায় যান্ত্রিক সমস্যায় পড়েছে।
এছাড়া বাসটিতে ৪ টি জেলার( চাঁপাইনবাবগঞ্জ-নওগাঁ-জয়পুরহাট-দিনাজপুর)যাত্রীরা যাতয়াত করে থাকে। তারা আরও জানান, কানসাট থেকে দিনাজপুরের দুরত্ব ২২০ কিলোমিটার।দূরপাল্লার এ বাসটির বেহাল অবস্থার কারণে যাত্রীদের নিরাপত্তা নিয়ে আশংকা প্রকাশ করেছে তারা। নাম প্রকাশে অনিচ্ছুক বাসটির একজন কর্মী জানান,ফিটনেস বিহীন বাসটির বেহাল অবস্থার কারণে আমাদের প্রায়ই বিড়ম্বনায় পড়তে হয়। আমরা কতৃর্পক্ষকে বার বার এ বিষয়ে ব্যবস্থা নিতে বললেও কোন কর্নপাত করেছে না।
এবিষয়ে বিআরটিসির দিনাজপুর ডিপো ম্যানেজার মোস্তাফিজুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কানসাট-দিনাজপুর রুটে নতুন একটি বাস বরাদ্দ দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।যার কাজ চলমান রয়েছে।নতুন বাসটি দেয়া হলে পুরোনোটি প্রত্যাহার করে নেয়া হবে।


