ধূমকেতু প্রতিবেদক, তাড়াশ : শারদীয় দুর্গাপূজা শেষে সিরাজগঞ্জের তাড়াশে এক বর্ণাঢ্য পূজা উত্তর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আয়োজনটি এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সনাতন সংস্থা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং পৌর পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুনর্মিলনীতে ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খগেন্দ্রনাথ মাহাতো। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী খন্দকার সেলিম জাহাঙ্গীর। তিনি তার বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখার উপর গুরুত্বারোপ করেন এবং বলেন— “বাংলাদেশের মূল শক্তিই হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সবাই মিলে একসাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।”
তার আগমনকে কেন্দ্র করে পুরো অনুষ্ঠানে এক উৎসবমুখর আমেজ ছড়িয়ে পড়ে। উপস্থিত অতিথিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—তাড়াশ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তপন গোস্বামী, সনাতন ধর্মাবলম্বী নেতা শ্যাম সুন্দর, মৃদুল সরকার, সুশীল মাহাতো, ধীরেন বসাক, বাসুদেব উড়াও, পরেশ মাহাতো, বিচিত্রা রানী ও সনজিত মাহাতো প্রমুখ। বক্তারা বলেন, দুর্গোৎসব শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি গ্রাম ও শহরে সামাজিক মিলনমেলারও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আর এই ধরনের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা আরও দৃঢ় হবে।
বক্তারা আগামী দিনগুলোতেও একইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একইসাথে তারা সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী খন্দকার সেলিম জাহাঙ্গীরকে সংসদ সদস্য পদে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রীতিভোজে অংশগ্রহণ করেন। এ সময় তরুণ প্রজন্মের অংশগ্রহণে গান, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
স্থানীয়রা জানান, দুর্গোৎসব শেষে এ ধরনের পুনর্মিলনী আয়োজন কেবল সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নয়, বরং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও মজবুত করে তোলে।


