ধূমকেতু প্রতিবেদক,জয়পুরহাট : এইচএসসি পরীক্ষায় এবারও ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে প্রতিষ্ঠানটির ৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। তাদের মধ্যে ৫১ জন পেয়েছে জিপিএ-৫।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর একটার দিকে ক্যাডেট কলেজ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এইচএসসি পরীক্ষায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের পরীক্ষার্থীদের পাশের হার শতভাগ। বিজ্ঞান বিভাগ থেকে ৫২ জন ক্যাডেটের মধ্যে ৫১ জন জিপিএ-৫ পেয়েছে। আর একজন পেয়েছে জিপিএ-৪.৮৩।
২০০৬ সালে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১৫টি ব্যাচ পরীক্ষা দিয়েছে। পূর্বের ১৪টি ব্যাচের মতো ১৫তম ব্যাচ আশাব্যঞ্জক ফলাফল অর্জন করেছে। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রেখেছে।
জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক বলেন, এ জেলার মধ্যে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ফলাফলে শীর্ষস্থান দখল করেছে। রাজশাহী বোর্ডের মধ্যে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ ধারাবাহিকভাবে শীর্ষস্থান দখল করে থাকে। এবারও এর ব্যত্যয় ঘটেনি। তবে একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেনি। ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য কলেজ কর্তৃপক্ষ তাদের চেষ্টা চালিয়ে যাবে।


