ধূমকেতু প্রতিবেদক, সিরাজগঞ্জ : শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও গবেষণার আগ্রহ বাড়াতে পিস স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় রাজশাহীর তেরখাদিয়ায় স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
পিস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীর উদ্যোগে এ বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী ধারণা, গবেষণাধর্মী প্রকল্প ও সৃজনশীল কার্যক্রম উপস্থাপন করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের সুযোগ পায়। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে নিজেদের চিন্তাভাবনা ও উদ্ভাবনী দক্ষতা তুলে ধরার সুযোগ পায় তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) রাজশাহী ল্যাবরেটরিজের পরিচালক ড. মো. হাবিবুর রহমান ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. এম. মোরশেদ জামান মিয়া, ড. জহিরুল ইসলাম ফারুক, মো. আরিফ আল-মাসুদ ফারুকী, রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আতেক আলী এবং রসায়ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. সাজেদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক মো. আলাউদ্দিন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎসু মনোভাব তৈরি, বিজ্ঞানভিত্তিক চিন্তাচর্চা, সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি এবং নতুন কিছু উদ্ভাবনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জ্ঞানচর্চায় আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



