ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বড়িয়া জামে মসজিদে আছরের নামাজ শেষে মসজিদে বক্তৃতার সময় ইসলামী বক্তা মুফতি আমীর হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় শাজাহান আলী হান্নান নামে স্থানীয় এক বিএনপি নেতাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নামাজ শেষে সালাম বিনিময় করছিলেন মুফতি আমির হামজা। এ সময় বিএনপি নেতা তাকে বাধা দেন, এতে মুসল্লিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ক্ষোভের এক পর্যায়ে কিছু মানুষ বিএনপি নেতা ধাক্কা দেন। এতে তিনি সামান্য আহত হন।
জানা যায়, মসজিদ কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হান্নান আমির হামজাকে আলোচনায় কেবল ধর্মীয় বিষয়েই সীমাবদ্ধ থাকতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে হামজার কিছু অনুসারী তার ওপর চড়াও হন বলে অভিযোগ।
আহত আব্দুল হান্নান বলেন, “আমি শুধু বলেছিলাম মসজিদে রাজনীতি নয়, ইসলাম নিয়ে আলোচনা করুন। এরপরই তারা আমার ওপর হামলা করে।”
ঘটনার বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ জানান, জেলা কমিটির সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ঘটনার নিন্দা জানিয়ে বটতৈল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো: আনিসুর রহমান বলেন, হান্নান ভাই নিজেই ওই মসজিদের সভাপতি। তার সাথে এমন আচরণ প্রতিহিংসামূলক। আর মসজিদে হবে ইসলামিক আলোচনা। সেখানে কোন রাজনৈতিক আলোচনা হতে পারে না।
কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন,ঘটনাটি জেনেছি। মসজিদে রাজনৈতিক আলোচনা নিষেধ করতে বলাটা দোষের কিছু নয়। দুই একটা মসজিদের ঘটনা নিয়ে এখনি দল থেকে কোন বিবৃতি নিয়ে ভাবছি না। তবে অবজারভেশন করছি।
প্রসঙ্গত,আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে ইসলামি বক্তা মুফতি আমীর হামজাকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
অন্যদিকে মুফতি হামজা বলেন, “আমি গণসংযোগে গিয়ে নামাজ পড়তে মসজিদে প্রবেশ করি। নামাজ শেষে ইমাম সাহেব সালামের আহ্বান জানান, এরপর সামান্য ভুল বোঝাবুঝি হয়, যা পরে মিটে গেছে।”
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নামাজের পর কথাকাটাকাটির জেরে হাতাহাতি হয়, তবে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ব্যাপারে, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, “ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”


