ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কেক, বিস্কুট, পাউরুটি তৈরীসহ বিভিন্ন অপরাধে সদরের সেন্টার পাড়ায় অবস্থিত আলোচিত শহীদুলের বেকারীতে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ এ অভিযান পরিচালনা করেন।
এ সময় তাঁর সাথে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেকারীটিতে দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরী হচ্ছিল এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার সত্যতা পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


