ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : কাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জরে গোমস্তাপুর উপজেলা সদর রহনপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধ চলাকালীন এ শহর হানাদার মুক্ত হয়। দেশের বর্তমান প্রেক্ষাপটে দিবসটি উপলক্ষ্যে গোমস্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ অন্যরা এ বছরও কোন কর্মসূচীর গ্রহণ করেনি।
এ দিনের স্মৃতিচারণ করতে গিয়ে মুক্তিযোদ্ধা আকতার আলী খাঁন কচি জানান, মহান মুক্তিযুদ্ধ চলাকালীন এ এলাকা ৭ নং সেক্টরের অধীন ছিল। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর খুব সকালে লেফটেনেন্ট রফিকের নেতৃত্বে প্রায় ৩০/৩৫ জনের মুক্তিযোদ্ধাদের একটি দল বাঙ্গাবাড়ী থেকে রহনপুর অভিমুখে রওনা হয়। পথে আলিনগর এলাকার মুক্তিযোদ্ধারাও তাদের সাথে যোগ দেন।
এ ছাড়া মহানন্দা নদীর পেরিয়ে বোয়ালিয়া এলাকার মুক্তিযোদ্ধারা রহনপুরে প্রবেশ করে। মুক্তিযোদ্ধারা রহনপুরে প্রবেশের আগেই ভোরে পাকসেনারা রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয়ে গড়ে তোলা ক্যাম্প গুটিয়ে ট্রেনে পালিয়ে যায়, শহর মুক্ত হয় রহনপুর। পরে মুক্তিযোদ্ধারা নাচোল-আমনুরা হয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে রওনা হয় এলাকাগুলো মুক্ত করতে।


