ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে টাঙানো হয়নি জাতীয় পতাকা।অথচ পাশেই চলছিল উপজেলা প্রশাসনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা।
বিষয়টি জানাজানি হলে দুপুর ১২ টার দিকে জাতীয় পতাকা উত্তোলন করা হলেও তা অর্ধনমিত রাখা হয়। ঘটনা ঘটেছে ২৬ মার্চ বৃহস্পতিবার রহনপুর আহম্মাদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয়ে।
সকাল ১০ টার দিকে ওই শিক্ষা প্রতিষ্ঠান সরজমিন পরিদর্শন করে দেখা যায়, স্কুলের নতুন ও পুরাতন ভবনের কোথাও জাতীয় পতাকা উত্তোলিত নেই। সে সময় ওই শিক্ষা প্রতিষ্ঠানের মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধিত করছিল উপজেলা প্রশাসন।
এ বিষয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন মুঠোফোনে জানান, বিদ্যালয়ের অস্থায়ী অফিস সহায়ক নুর মোহাম্মদকে যথাসময়ে পতাকা উত্তোলনের দায়িত্ব দেয়া হয়। কিন্তু সে যথাসময়ে তা পালন করেনি। তিনি এ ঘটনায় সংশ্লিষ্ট অফিস সহায়কের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।
এ বিষয়ে হোয়াটসঅ্যাপে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সির মন্তব্য চাওয়া হলে তিনি কোন মন্তব্য করেননি।
প্রসঙ্গত:মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর শহর রহনপুরে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে মাইকিং করা হয়।


