ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরের আত্রাই নদী থেকে অজ্ঞাত পরিচয় এক প্রতিবন্ধী যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহটি নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার হাতুড় ইউনিয়নের দেওয়ানপুর আত্রাই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্র জানায়, স্থানীয়রা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
লাশটি উদ্ধারের সময় তার গায়ে ছিল বেগুনি রঙের জামা তবে পড়নে কোন কাপড় ছিল না। ওই যুবকের তার ডান পা সরু ও বাঁকা ছিল। ধারণা করা হচ্ছে, যুবকটি আদিবাসী বা হিন্দু সম্প্রদায়ের। প্রায় ২ থেকে ৩দিন আগে তার মৃত্যু হয়েছে। বেশ কয়েকদিন পানিতে ভেসে থাকার কারণে লাশটির চেহারা কিছুটা বিকৃত হয়ে গেছে।
মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।#


