ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের মাদারীগঞ্জ বাজার এলাকায় অবৈধভাবে পুকুর খনন ও মাটি পরিবহনের দায়ে সাইদুর (৩৮) নামের এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১২ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে সাফিক্স স্কুলের পাশে পুকুর খনন করে মাটি পরিবহন করার সময় পুলিশের সহায়তায় দুইজনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে মাটি পরিবহনের সাথে জড়িত একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা আদায় করা হয়। এছাড়া পুকুর খননের মূল অভিযুক্ত সাইদুর, যিনি এলাকায় ‘মাটিখেকো সাইদুর’ নামে পরিচিত, তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এসময় অবৈধভাবে পুকুর খননের কাজে ব্যবহৃত একটি ভেকু মেশিন ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন বাগমারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা।


