ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়া উপজেলায় বোরো মৌসুমের শেষ সময়ে এসে কৃষকের মরণদশা তৈরি হয়েছে। একদিকে তীব্র লোডশেডিং, অন্যদিকে সংঘবদ্ধ চোর চক্রের উপদ্রব সব মিলিয়ে যেন মরার উপর খাঁড়ার ঘা। শনিবার দিবাগত রাতে উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি গ্রামের উত্তর মাঠ থেকে একযোগে সেচ পাম্পের ৬টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫০ বিঘা জমির আধাপাকা ধান নিয়ে চরম দুশ্চিন্তা ও হতাশায় পড়েছেন ওই এলাকার সাধারণ কৃষকরা।
স্থানীয় কৃষকরা জানান, উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি গ্রামের উত্তর মাঠে ১০-১৫টি সেচ মোটর দিয়ে চাষাবাদ করা হয়। এর মধ্যে এক রাতেই ৬টি ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় সেচ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। এসব মোটরের আওতায় প্রায় ১০০ থেকে ১৫০ বিঘা জমিতে পানি সেচ দেওয়া হতো। বর্তমানে ধান পাকার আগ মুহূর্তে জমিতে পর্যাপ্ত পানি প্রয়োজন। এই সময়ে সেচ দিতে না পারলে ধানের শীষ শুকিয়ে চিটা হয়ে যাবে এবং ফসল পুরোপুরি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কায় রয়েছে কৃষকরা।
শহরবাড়ি গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন, আলহাজ্ব মো. এবারদ আলী প্রামাণিক, সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন, সাইদুর রহমান, মনিরুজ্জামান, লুৎফর রহমান ও আব্দুর রউফ। ভুক্তভোগীরা জানান, একটি ট্রান্সফরমারের বর্তমান বাজারমূল্য আনুমানিক ৩৫ থেকে ৪৫ হাজার টাকা। বোরো মৌসুমের শেষ দিকে এসে নতুন করে ঋণ করে এত টাকা দিয়ে ট্রান্সফরমার কেনা তাদের মতো ক্ষুদ্র ও নিম্ন আয়ের কৃষকের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। লোডশেডিংয়ের কারণে আগে থেকেই সেচ দেওয়া নিয়ে তারা দুশ্চিন্তায় ছিলেন, এখন চুরির ঘটনায় তাদের পথে বসার দশা হয়েছে।
এদিকে উপজেলায় নিয়মিত বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটায় কৃষকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা অতি দ্রুত প্রতিটি এলাকায় প্রশাসনিক টহল বাড়ানোর জোর দাবি জানিয়ে বলেন, অবিলম্বে এই চোর চক্রকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং কৃষি উৎপাদন রক্ষায় সেচ পাম্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



