ধূমকেতু প্রতিবেদক,বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটা ও অনুমতিবিহীন পুকুর খননের বিরুদ্ধে এবার রাতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোট ২টি অভিযানে নরদাশ ইউনিয়নের ভেদুর মোড় এবং গোবিন্দপাড়া ইউনিয়নের বোয়ালিয়া মোড় এলাকায় কৃষিজমির মূল্যবান টপসয়েল কেটে জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
নরদাশ ইউনিয়নের ভেদুর মোড় এলাকায় বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত অভিযান চালানো হলেও ঘটনাস্থলে কোনো দুষ্কৃতকারীকে পাওয়া যায়নি। তবে অনুমতিবিহীনভাবে পুকুর খননে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) মেশিন স্পটেই অকেজো করে দেওয়া হয়।
অপরদিকে, গোবিন্দপাড়া ইউনিয়নের বোয়ালিয়া মোড় এলাকায় পরিচালিত অভিযানে একই ধরনের অপরাধের প্রমাণ পাওয়া গেলেও সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রশাসন জানায়, এর আগেও ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছিল।
এদিকে, অবৈধ পুকুর খননের ফলে কৃষিজমির ব্যাপক ক্ষতি হচ্ছে বলে স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন। জমির উর্বর টপসয়েল কেটে নেওয়ায় ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে এবং জমির স্বাভাবিক কাঠামো নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি খননকৃত পুকুরগুলোর কারণে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যাহত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। উঁচু স্থান থেকে পানি নিচে নামার সময় এসব পুকুরে আটকে গিয়ে আশপাশের জমি প্লাবিত হচ্ছে, ফলে সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও জলাজট।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা জানান, কৃষিজমি রক্ষায় অবৈধ পুকুর খনন ও টপসয়েল কাটা বন্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। এখন থেকে রাতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ ও র্যাবের সহযোগিতায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।
কৃষিজমি রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।



