ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় এক শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (৩০) ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মঞ্জুর কারিগর (৩৮), সে উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ভটখালী গ্রামের মৃত নজের আলী কারিগরের ছেলে।
এদিকে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
থানায় দায়ের করা এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার ভটখালী গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনার সময় ওই প্রতিবন্ধী তরুণীর মা বাড়ির রান্নাঘরে কাজ করছিলেন এবং তরুণী পাশের ঘরে শুয়ে ছিলেন। এই সুযোগে প্রতিবেশী মঞ্জুর কারিগর তাকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা তরুণীকে খোঁজাখুঁজি শুরু করলে আসামির শোবার ঘর থেকে তাকে কাঁদতে কাঁদতে বের হতে দেখেন।
এ সময় ভুক্তভোগী তরুণী পরিবারের সদস্যদের জানায়, মঞ্জুর তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে এবং বিষয়টি কাউকে না জানাতে হাতে ২০ টাকা গুঁজে দিয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত মঞ্জুর কারিগরকে গ্রেপ্তার করে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশি তৎপরতা শুরু করা হয়। অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং ভুক্তভোগী তরুণীকে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।



