ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধভাবে পুকুর খনন ও কৃষি জমির মাটি কেটে বিক্রয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার গনিপুর ইউনিয়নের কুমাড়নিতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, কৃষি জমির মূল্যবান টপসয়েল কেটে জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তবে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কোনো দুষ্কৃতকারীকে পাওয়া যায়নি, ফলে কাউকে আটক বা দণ্ড প্রদান করা সম্ভব হয়নি।
এসময় অনুমতিবিহীনভাবে পুকুর খননের কাজে ব্যবহৃত একটি ভেকু (খননযন্ত্র) মেশিন ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা।
তিনি জানান, কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



