ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোর উপজেলায় জনকল্যাণমূলক বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে উপজেলা সিভিক ফোরামের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় তানোর বিআরডিবি হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা সিভিক ফোরামের সভাপতি প্রভাষক মফিজ উদ্দীন সরকারের সভাপতিত্বে এবং উপজেলা গেটকা প্রজেক্ট (ডাসকো)-এর সমন্বয়কারী মশিউর রহমানের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সিভিক ফোরামের সহ-সভাপতি ও গণমাধ্যমকর্মী বকুল হোসেন। এ সময় বক্তব্য দেন ইমরান হোসাইন, টিপু সুলতান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কমিটির মহিলা ভাইস চেয়ারপার্সন রেজিয়া বেগম, যুগ্ম সম্পাদক শ্যামলী খাতুন, গণমাধ্যমকর্মী আব্দুস সবুর, মিজানুর রহমান, সারোয়ার হোসেন ও সৈয়দ মাহমুদসহ ফোরামের অন্যান্য সদস্যরা।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে স্থানীয় পর্যায়ে নানা ধরনের পরিবেশগত ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।
এ সময় তানোর উপজেলার বিভিন্ন জনকল্যাণমূলক সমস্যা তুলে ধরা হয় এবং সেগুলোর সমাধানে করণীয় বিষয়ে আলোচনা শেষে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আগামী ১৩ মে উপজেলা সিভিক ফোরামের নেতৃবৃন্দ তানোর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কাছে উত্থাপিত প্রস্তাব ও সুপারিশ তুলে ধরার সিদ্ধান্ত নেন।



