ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারায় দীর্ঘদিন ধরে মাছের পুকুরে সংঘবদ্ধভাবে হামলা ও মাছ লুটের সঙ্গে জড়িত আন্তঃজেলা চক্রের মূলহোতা রহিদুল ইসলাম (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নওগাঁ জেলার নওগাঁ সদর থানার তুলসীগঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র রাতের অন্ধকারে বিভিন্ন মাছের পুকুরে হামলা চালিয়ে পাহারাদারদের হাত-পা বেঁধে জাল ও যানবাহনের মাধ্যমে মাছ লুট করে নিয়ে যাচ্ছিল। এসব ঘটনায় পুকুর মালিক ও এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। পরে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গত বছরের ৪ সেপ্টেম্বর বাগমারা থানায় ৩৮২ ধারায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে এসআই শিহাবের নেতৃত্বে বাগমারা থানার একটি চৌকস আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে এর আগে চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। তবে চক্রের মূলহোতা রহিদুল ইসলাম দীর্ঘদিন আত্মগোপনে থেকে ঘন ঘন অবস্থান পরিবর্তন করায় তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না।
অবশেষে প্রায় এক বছরের ধারাবাহিক নজরদারি, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান এবং তথ্য সংগ্রহের মাধ্যমে শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিটে নওগাঁ সদর থানার তুলসীগঙ্গা এলাকা থেকে রহিদুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত রহিদুল ইসলামের বাড়ি নওগাঁ জেলার রাণীনগর থানার হরিশপুর গ্রামে। তিনি মৃত হাকি ওরফে হাকিমের ছেলে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও রেকর্ডপত্র পর্যালোচনায় জানা যায়, রহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে রাজশাহী ও নওগাঁ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
উল্লেখযোগ্য মামলাগুলোর মধ্যে রয়েছে— রাজশাহীর তানোর থানায় ২০১৭ সালের চুরির মামলা, বাগমারা থানায় ২০২৩ সালের ডাকাতির প্রস্তুতির মামলা, নওগাঁর রাণীনগর থানায় ২০২৪ সালের ডাকাতির প্রস্তুতির মামলা, মহাদেবপুর থানায় ২০২৩ সালের ডাকাতি ও অস্ত্রের ভয়ভীতি প্রদর্শনের মামলা, রাণীনগর থানায় ২০২২ সালের চুরি মামলা এবং রাজশাহীর দুর্গাপুর থানায় ২০২২ সালের ডাকাতির প্রস্তুতির মামলা। এসব মামলায় তিনি এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও তার বিরুদ্ধে আদালত থেকে একাধিক গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে মাছ লুটকারী চক্রটি এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে চক্রের সদস্যদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় মূলহোতা রহিদুল ইসলামকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, “পুকুর মালিকদের রাতের বেলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সন্দেহজনক ব্যক্তি বা যানবাহন দেখলে দ্রুত পুলিশকে জানালে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।



