ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে গৃহবধূ তুলি আত্মহত্যা প্ররোচনা মামলায় গৃহবধূর স্বামী রতন হোসেনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রতন উপজেলার সুলতানপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
রোববার রাতে অভিযান চালিয়ে উপজেলার খাজুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে পালিয়ে থাকা অবস্থা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার অপর আসামীরা হলেন গৃহবধূর শ্বাশুড়ি জহুরা বেগম, ভাসুর সাগর ও শহীদুল পলাতক থাকায় তাদেরকে গ্রেফতার করতে পারেনি। মামলার বাদী গৃহবধূর মামা মিলন হোসেন অভিযোগ করেন যে, প্রায় ৪ বছর আগে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামের সোহেল রানার মেয়ে রেহেনা আক্তার তুলির সঙ্গে রতন হোসেনের বিয়ে হয়। তাদের ঘরে হুসাইন নামে আড়াই বছর বয়সের একটা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুক লোভী স্বামী ও তার শ্বশুরবাড়ি লোকজন মোটা অংকের যৌতুকের দাবিতে গৃহবধূ তুলির উপর অমানুষিক নির্যাতন করে আসছিল তার স্বামী ও পরিবারের সদস্যরা।
তারা ইতোমধ্যে যৌতুক বাবদ প্রায় এক লক্ষ টাকা দেন। তাদের চাহিদা মত আরো টাকা না পেয়ে গত ২১ মে দিবাগত রাতে তুলিকে বেদম মারপিট করা হয়। রাগে অভিমানে রাতেই তুলি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। মহাদেবপুর থানার ওসি মো. ওমর ফারুক জানান, পরদিন থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে থানায় একটি আত্মহত্যা প্ররোচনার মামলা করা হয়। গ্রেপ্তার রতনকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় বলেও জানান তিনি।


