ধূমকেতু প্রতিবেদক,মান্দা : স্ত্রীকে ভিডিও কলে রেখে নওগাঁর মান্দা উপজেলার বর্দ্দপুর ব্রমত্তপাড়া গ্রামের এক প্রবাসী যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুর এলাকার একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহত সোহেল রানা (২৬) ওই গ্রামের নজরুল ইসলাম সরদারের ছেলে বলে জানা গেছে। স্বজনদের অভিযোগ, বিয়ের পর বিভিন্ন কায়দায় সাড়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেন স্ত্রী মারুফা আক্তার স্বপ্না (২২)। এরপর গত বুধবার (৩ জুন) সোহেল রানাকে তালাক দেন স্ত্রী স্বপ্না। তালাকের সেই নোটিশ সোহেল রানার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয়। এ নিয়ে দুজনের মধ্যে চরম বাগবিতণ্ডার এক পর্যায়ে স্ত্রীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে প্রায় সাড়ে ৩ বছর আগে সোহেল রানা মালয়েশিয়া পাড়ি জমান। সেখানে অবস্থানকালে মোবাইল ফোনে মান্দা উপজেলার মধ্যমৈনম গ্রামের মারুফা আক্তার স্বপ্না (২২) নামের এক নারীর সঙ্গে পরিচয় ঘটে। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হলে উভয় পরিবারের সম্মতিতে ৫ মার্চ মোবাইল ফোনে তাদের বিয়ে সম্পন্ন হয়।
নিহত সোহেল রানার বোন সাবিনা খাতুন বলেন, বিয়ে পর গরুর সেড নির্মাণ, গরু কেনাসহ বিভিন্ন অজুহাতে ভাই সোহেল রানার কাছ থেকে সাড়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেয় স্বপ্না। ঈদের দুদিন আগেও গরু কেনার জন্য তাকে এক লাখ টাকা দেওয়া হয়েছিল।
বোন সাবিনা খাতুন অভিযোগ করে বলেন, সোহেলের সঙ্গে বিয়ের আগে নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম এলাকার আরেক প্রবাসী যুবককে বিয়ে করেন মারুফা আক্তার স্বপ্না। বিভিন্ন অজুহাতে ২০ লাখ টাকা হাতিয়ে নিয়ে তাকেও তালাক দেন। এরপর বিয়ে করেন সোহেল রানাকে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, এরই মধ্যে স্বপ্না অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ নিয়ে হইচই শুরু হলে ওই যুবককে এক লাখ টাকা ফেরত দেওয়া হয়। তদন্ত করে প্রতারক এই নারীর শাস্তির দাবি করেন তিনি।
এ বিষয়ে অভিযুক্ত মারুফা আক্তার স্বপ্না টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্বামী সোহেল রানার মানসিক সমস্যা রয়েছে। মোবাইল ফোনে মাঝে মধ্যেই আত্মহত্যার হুমকি দেন। তাই তাকে তালাক দিয়েছি।’
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, বিষয়টি জেনেছি। পরিবারটিকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।#



